বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের পর্যটন ভিসা পুনরায় চালু হওয়ায় দুই দেশের মধ্যে বাণিজ্য আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ও বিজেপি নেতা দিলীপ ঘোষ। তার মতে, ভিসা চালু হলে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ—উভয় পক্ষই অর্থনৈতিকভাবে লাভবান হবে।
দিলীপ ঘোষ বলেন, আমরা চাই পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের ব্যবসা আরও বাড়ুক। এতে আমাদেরও লাভ, তাদেরও লাভ।
তিনি দাবি করেন, বাংলাদেশের বাজারে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের বিপুল পরিমাণ অর্থ আটকে রয়েছে। তাই দুই দেশের মধ্যে স্বাভাবিক বাণিজ্যিক কার্যক্রম পুনরায় শুরু হওয়া জরুরি।
দিলীপ ঘোষ আরও বলেন, বাংলাদেশে শিল্প-কারখানার সংখ্যা তুলনামূলক কম হওয়ায় পশ্চিমবঙ্গ থেকে চাল, ডাল, তেল, নুন, কাপড়, ফলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য রপ্তানি করা হয়। ভিসা চালুর ফলে এই বাণিজ্য আরও গতি পাবে বলে তিনি মনে করেন।
২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারত বাংলাদেশি নাগরিকদের জন্য পর্যটন ভিসা প্রদান স্থগিত করেছিল। তবে প্রায় দুই বছর পর আবারও পর্যটন ভিসার আবেদন গ্রহণ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।
ডিডি/এমএসএম








