ভিয়েতনামের ফু কুওক দ্বীপের কাছে শনিবার পর্যটকবাহী একটি নৌকা উল্টে অন্তত ১৫ জন ভারতীয়ের মৃত্যু হয়েছে। এদের ১৩ জন পুরুষ ও দুজন নারী রয়েছেন। শনিবার এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছেন।
নৌকাটিতে মোট ৩৬ জন আরোহী ছিলেন। ২১ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য ভারতীয় দূতাবাস কন্ট্রোল রুম স্থাপন করেছে।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, নৌকাটিতে ৩২ জন ভারতীয় পর্যটক, তিনজন নাবিক এবং একজন পরিচারকসহ মোট ৩৬ জন ছিলেন। হন মে রুট নগোয়াই দ্বীপ থেকে আন থোই বন্দরের উদ্দেশে রওনা হওয়ার কিছুক্ষণ পরেই উত্তাল সমুদ্র ও প্রবল বাতাসের মধ্যে নৌকাটি উল্টে যায়। এতে সব যাত্রী ও নাবিক পানিতে পড়ে যান।
এক্স-এ এই খবরটি জানিয়ে দূতাবাস লিখেছে, “এক মর্মান্তিক ঘটনায়, ভিয়েতনামের ফু কুওক দ্বীপের কাছে বেশ কয়েকজন ভারতীয় পর্যটকবাহী একটি নৌকা ডুবে গেছে। স্থানীয় কর্তৃপক্ষের অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলমান থাকায় ঘটনার সঠিক বিবরণ জানার চেষ্টা চলছে।”








