ভোলার তজুমদ্দিন উপজেলায় জমি নিয়ে বিরোধে বাগ্‌বিতণ্ডা ও হাতা-হাতির ঘটনায় নুর ইসলাম (৫০) নামে এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের বাদলিপুর এলাকার বদ্দি বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতের স্ত্রী অলুফা বেগম বাদী হয়ে থানায় একটি অভিযোগ দিয়েছেন।

নিহত নুর ইসলাম ওই এলাকার মৃত নসু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে প্রতিপক্ষ মৃত আজগর আলীর ছেলে আবু জাফর ও তাঁর স্বজনদের সঙ্গে জমি-সংক্রান্ত বিরোধে নুর ইসলামের বাগ্‌বিতণ্ডা ও হাতা-হাতির ঘটনা ঘটে। একপর্যায়ে নুর ইসলাম অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনেরা তাঁকে বাড়িতে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়। তবে তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘রান্না ঘরের খুঁটি পোঁতাকে কেন্দ্র করে প্রতিপক্ষের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয় নুর ইসলামের। মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।’