ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপে আট দিন আটকে থাকার পর এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া ব্যক্তির নাম হার্নান গিল। প্রায় ১৪০ টন ধ্বংসস্তূপের নিচে তার অবস্থান শনাক্ত করার পাঁচ দিনেরও বেশি সময় পর তাকে নিরাপদে বের করে আনতে সক্ষম হন উদ্ধারকর্মীরা।
উদ্ধার অভিযানে অংশ নেওয়া চিলির এক দমকলকর্মী বলেন, আমার কর্মজীবনে এটিই সবচেয়ে জটিল ও প্রযুক্তিগতভাবে কঠিন উদ্ধার অভিযান।
ভেনেজুয়েলায় ২৪ জুন আঘাত হানা ভূমিকম্পে বৃহস্পতিবার (২ জুন) সন্ধ্যা পর্যন্ত অন্তত ২ হাজার ৫৯৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এখনও কয়েক হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।
কোস্টারিকার রেড ক্রসের প্যারামেডিক অ্যালান মাদ্রিগাল জানান, হার্নান গিলকে প্রায় অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
মাদ্রিগালই প্রথম রোববার ধ্বংসস্তূপের ভেতর থেকে গিলের ক্ষীণ সাহায্যের আর্তনাদ শুনতে পান। তিনি বলেন, মুহূর্তটি ছিল অত্যন্ত আবেগঘন। প্রথমে আমি বিশ্বাসই করতে পারছিলাম না। পরে সহকর্মীকে ডেকে নিশ্চিত হই যে আমি ভুল শুনছি না।
এরপর থেকেই তাকে উদ্ধারে দিনরাত কাজ শুরু করেন বিভিন্ন দেশের উদ্ধারকর্মীরা।
ভূমিকম্পের সময় হার্নান গিল রাজধানী কারাকাসের কাছে কাতিয়া লা মার এলাকার গালেরিয়াস প্লায়া গ্রান্দে শপিংমলের পাশের পার্কিং এলাকার বেজমেন্টে একটি ছোট কংক্রিটের নিরাপত্তা কক্ষে দায়িত্ব পালন করছিলেন।
উদ্ধারকারীরা জানান, ওই কংক্রিটের কক্ষটি ঢালের মতো কাজ করায় চারপাশে ধ্বংসস্তূপ চাপা পড়লেও গিল প্রাণে বেঁচে যান।
উদ্ধারের আগে তাকে পানি দেওয়া হয় এবং শারীরিক অবস্থা স্থিতিশীল রাখতে শিরায় তরল (আইভি) দেওয়া হয়েছিল।
ভেনেজুয়েলা, চিলি, কোস্টারিকা, এল সালভাদর, মেক্সিকো, পর্তুগাল ও যুক্তরাষ্ট্রের উদ্ধারকারী দল যৌথভাবে অভিযান চালায়। তবে গিলের কাছে পৌঁছাতে তৈরি করা সরু পথ কয়েকবার ধসে পড়ায় উদ্ধারকাজ আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
শেষ পর্যন্ত রাতভর প্রচেষ্টার পর উদ্ধারকারীরা গিলের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে সক্ষম হন এবং সফলভাবে তাকে ধ্বংসস্তূপ থেকে বের করে আনেন।
সূত্র: বিবিসি
এমএসএম








