কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালত দেলোয়ার হোসেন দিপু (২৬) নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। অবৈধভাবে উত্তোলন করা বালু জব্দ করে প্রকাশ্য নিলামে ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

রোববার (২৮ জুন) সন্ধ্যায় উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের সড়ককাটা এলাকার ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম মহাসড়কের পাশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় গ্রামের দেলোয়ার হোসেন দিপু দীর্ঘদিন যাবৎ ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন। সেই বালু একটি কালভার্টের মুখে মজুত করে রাখায় পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। স্থানীয়রা এতে বাধা দিলে পরিস্থিতি জটিল হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পান। পরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অভিযুক্ত ব‍্যক্তিকে বালু মহাল ও মাটি ব‍্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মজুত করে রাখা বালু নিলামে ২৫ হাজার টাকা বিক্রি করা হয়।

এ সময় আন্ধারীঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদ আলী মন্ডল, ভূমি উপসহকারী কর্মকর্তা রোকনুজ্জামানসহ থানা-পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।