বিশ্বকাপে আশা জাগিয়েও বিদায় নিতে হয়েছে সেনেগালকে। আফ্রিকার যে দলকে বিশ্বকাপ শুরুর আগে ‘ডার্ক হর্স’ ধরা হয়েছিল, তারা ছিটকে গেছে শেষ ষোলো থেকে। এবার আফ্রিকান ফুটবলে এক অধ্যায়ের অবসান ঘটল। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন সেনেগালের তারকা ফুটবলার সাদিও মানে।

শুক্রবার এক বিবৃতিতে নিজের অবসরের কথা নিশ্চিত করে তিনি বলেন, ‘দেশের জার্সির জন্য আমি সব কিছু ত্যাগ করেছি। সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি এবং দেশের জন্য শেষ পর্যন্ত লড়াই করেছি।’ একই সঙ্গে সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সি মানে। কখনো তাদের হতাশ করে থাকলে তার জন্য ক্ষমাও চেয়েছেন। ২০১২ সালে জাতীয় দলের হয়ে অভিষেক হয় মানের। এক দশকেরও বেশি সময় ধরে সেনেগাল জাতীয় দলের স্তম্ভ ছিলেন মানে। ২০২১ সালে সেনেগালের প্রথম আফ্রিকা কাপ অফ নেশন্স জয়ে বড় অবদান ছিল তার। দেশের হয়ে ১৩০ ম্যাচে ৫৪টি গোল করেছেন মানে। রয়েছে ২৯টি অ্যাসিস্টও।