২০২৪ সালের গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি দেশের বাইরে থেকে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা ধূলিসাৎ করার পায়তারা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ জি কে গউছ।তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনগণের ইস্পাতকঠিন ঐক্যের সামনে কোনো অপচেষ্টাই সফল হবে না।বুধবার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে হবিগঞ্জের কেন্দ্রীয় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।হুইপ জি কে গউছ তার বক্তব্যে বলেন, "যাঁরা জোর করে ক্ষমতায় ছিল তারা মানুষের অধিকার কেড়ে নিয়েছিল। দীর্ঘ দমন-পীড়ন ও বঞ্চনার বিরুদ্ধে ২০২৪ সালের ৩৬ দিনের গণতান্ত্রিক আন্দোলনে জনগণ ঐক্যবদ্ধ হয়ে তাদের পরাজিত করেছে। সেই পরাজিত গোষ্ঠী দেশের সম্পদ লুট করে বিদেশে পালিয়ে গিয়ে এখনো বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছে।"তিনি আরও স্পষ্ট করে বলেন, "বাংলাদেশের মানুষ গণতন্ত্রের প্রশ্নে একবার যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল, প্রয়োজনে আবারও সেভাবেই ঐক্যবদ্ধ হবে। দেশের স্বার্থে যতদিন প্রয়োজন, আমরা একসঙ্গে থাকব। নিজেদের মধ্যে মতপার্থক্য থাকলেও আলোচনা-সংলাপের মাধ্যমে তা দূর করে ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে ঐক্য বজায় রাখব, ইনশাআল্লাহ।"আইনের শাসন প্রসঙ্গে সরকার দলীয় এই হুইপ বলেন, "বর্তমান সরকার মানুষের কল্যাণে কাজ করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও আইনের শাসন প্রতিষ্ঠাকে সরকারের অন্যতম প্রধান দায়িত্ব হিসেবে উল্লেখ করেছেন। কারও প্রতি প্রতিহিংসার রাজনীতি নয়, বরং দেশের প্রচলিত আইন অনুযায়ী যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, তাদের বিচার হবে। বিএনপি আইনের শাসন ও ন্যায়বিচারে বিশ্বাস করে।"গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির পরিবেশ তুলে ধরে তিনি যোগ করেন, "আজ গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে দেশের মানুষের মধ্যে যে স্বস্তি, শান্তি ও আশার সঞ্চার হয়েছে, সেটি কোনোভাবেই নষ্ট হোক আমরা চাই না। দেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক ও দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি সবসময় জনগণের কল্যাণে কাজ করে যাবে।"

এর আগে সকালে জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ, পুলিশ সুপার মো. তারেক মাহমুদসহ স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন হুইপ। পরে জেলা বিএনপির বর্ণাঢ্য পদযাত্রা শেষে দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই যোদ্ধাদের সম্মানে আয়োজিত সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি।