গাইবান্ধায় একটি শপিং কমপ্লেক্সে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বাঁশের লাঠি উদ্ধার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে কমপ্লেক্সের বিভিন্ন স্থান থেকে ৫৫টি বাঁশের লাঠি জব্দ করা হয়।
বুধবার (৫ আগস্ট) বিকেলের দিকে সাঘাটা উপজেলার বোনারপাড়া শপিং কমপ্লেক্সে অভিযান চালায় পুলিশ। এ সময় কমপ্লেক্সের বাথরুমের ভেতর, সিঁড়ির নিচে এবং তৃতীয় তলার বিভিন্ন স্থান থেকে মোট ৫৫টি বাঁশের লাঠি উদ্ধার করা হয়।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম লাঠি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে মুঠোফোনে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসব লাঠি উদ্ধার করা হয়। উদ্ধার করা লাঠিগুলো বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে রাখা হয়েছে।
তিনি আরো বলেন, উদ্ধার হওয়া লাঠিগুলো সেখানে কী উদ্দেশ্যে রাখা হয়েছিল এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।








