ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৮ মামলার আসামি পটুয়াখালী সদর উপজেলার আওয়ামী লীগের সহ সভাপতি মিজানুর রহমান ওরফে মনির খান (৪৮) মারা গেছেন। আজ বুধবার বেলা সাড়ে ৩টার দিকে হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে মারা যান তিনি। গত সপ্তাহে সব মামলায় তাঁর জামিন হয়েছিল।

গত বছরের জুনে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। চলতি বছরের জুনে কারাগারে অসুস্থ হয়ে পড়া মিজানুরকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে।

মৃত মিজানুর রহমানের মামা সিরাজ মুন্সি জানান, তাদের বাড়ি পটুয়াখালীর সদর উপজেলার বহালগাছিয়া গ্রামে। মিজানুর রহমানের বাবা মৃত আব্দুল খালেক। মিজানুর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রলীগ নেতা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। বহু বছরের রাজনৈতিক জীবন তাঁর। আওয়ামী লীগ ও এর বিভিন্ন সংগঠনের বিভিন্ন পদে ছিলেন তিনি। ২০২৪ এর ৫ আগস্টের পর থেকে তিনি পালিয়ে থাকতেন।

২০২৫ সালেন ১৫ জুন তাঁকে আটক করা হয়। এরপর একে একে ৮টি মামলা দেওয়া হয় তাঁর নামে। যার ৬টি ঢাকার আর বাকি দুটি সদর উপজেলায়।

সিরাজ মুন্সি আরও জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) থাকা অবস্থায় গত ৯ জুন তিনি অসুস্থ হয়ে পড়েন। কারাগার থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এর কয়েক দিন পর অবস্থার অবনতি হলে আইসিইউতে রাখা হয়। প্রায় দুই মাস আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর বুধবার দুপুরে তিনি সেখানে মারা গেছেন। এরপর মরদেহটি গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। ৭টি মামলায় তার বেশ কিছুদিন আগেই জামিন হয়েছিল। সবশেষ মামলাটির জামিন হয় ৩০ জুলাই, যখন তিনি হাসপাতালের আইসিইউতে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে চিকিৎসাধীন মারা যান মিজানুর রহমান। স্বজনেরা হাসপাতাল থেকে মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে গেছে।