কুড়িগ্রামের উলিপুরে গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠান থেকে বের করে একটি বেসরকাটি টেলিভিশনের সাংবাদিক মোহাম্মদ জুবাইরের ওপর হামলা করেছেন বিএনপি নেতা-কর্মীরা। আজ বুধবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা সাংবাদিক জুবাইরকে উদ্ধার করে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
জুবাইর অভিযোগ করেন, জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠান কাভার করার জন্য পেশাগত কারণে তিনি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে যান। সেখানে হঠাৎ করে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁকে অডিটোরিয়াম থেকে টেনে বাইরে বের করেন। তাঁকে মোটরসাইকেলে উঠতে বলেন। তিনি অস্বীকৃতি জানালে আচমকাই পেটানো শুরু করেন।
জুবাইর আরও বলেন, কী কারণে আমাকে পিটিয়েছেন আমি জানি না। আমি নিজেও জুলাই আন্দোলনের পক্ষে ছিলাম। সাংবাদিকতা আমার পেশা। আমার সংবাদ প্রতিবেদন বা লেখালেখিতে সংক্ষুব্ধ হয়ে তাঁরা আমার ওপর হামলা করেছেন বলে ধারণা করছি। হামলাকারী সকলকে চিনতে পারিনি। তবে তাঁরা সবাই বিএনপি-ছাত্রদলের নেতা-কর্মী।
অনুষ্ঠানে উপস্থিত উপজেলা বিএনপির সদস্যসচিব হায়দার আলী বলেন, আমরা সকলে অডিটোরিয়ামে ছিলাম। হঠাৎ গন্ডগোলের কথা শুনে ওসিসহ বাইরে গিয়ে গন্ডগোল থামিয়েছি। এটা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা। যারা এটাতে জড়িত তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘সাংবাদিকের ওপর হামলার পর পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। আহত সাংবাদিক আগে চিকিৎসা নিক। তিনি লিখিত অভিযোগ দিলে তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’








