চুয়াডাঙ্গায় বিদ্যালয়ে ঢুকে নারী প্রধান শিক্ষককে মারধর করেছেন এক অভিভাবক। বুধবার দুপুরে জেলা শহরের ফার্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। প্রধান শিক্ষক কাবেরী করিমকে আচমকা চড়-থাপ্পড় মারেন ওই ব্যক্তি। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন শিক্ষকরা। মারধরের ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, বুধবার দুপুর ১২টার পর বিদ্যালয়ের পার্শ্ববর্তী ফার্মপাড়ার বাসিন্দা সামসুর রহমান শুভ স্কুলে ঢুকে শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করতে থাকেন। একপর্যায়ে অফিসকক্ষে বসা অবস্থায় প্রধান শিক্ষক কাবেরী করিমকে চড়-থাপ্পড় মারতে থাকেন। এ সময় কয়েকজন শিক্ষক তাকে ধরে বাইরে বের করে নিয়ে যান।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর বাবা ওই ব্যক্তি। কোনো কারণে শিশুটির গালে চড় মেরেছিলেন প্রধান শিক্ষক। এতে ক্ষুব্ধ হয়ে তার বাবা ওই কাণ্ড ঘটান। এ ব্যাপারে অভিযুক্ত অভিভাবকের বক্তব্য পাওয়া যায়নি।

প্রধান শিক্ষক কাবেরী করিম যুগান্তরকে বলেন, ‘আমি একজন শিক্ষক। শিক্ষার্থীদের আদর যেমন করি, একটু শাসনও করতে হয়। আলতো করে শিশুটির গালে চড় মেরেছিলাম। এ কারণে অভিভাবক অফিসে ঢুকে আমার গায়ে হাত তুলবেন-এটা আমার ধারণায় ছিল না। এ অবস্থায় বিদ্যালয়ে যেতে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।’

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সোয়াইব হোসেন বলেন, এ ধরনের আচরণ কোনো অভিভাবকের কাছ থেকে আমরা আশা করি না। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ কুমার মন্ডল যুগান্তরকে বলেন, ঘটনাটি নিন্দনীয়। অভিভাবকের কোনো অভিযোগ থাকলে তিনি শিক্ষা অফিসকে জানাতে পারতেন। বিষয়টি আমরা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।