ঢাকার আমিনবাজার ও মাতুয়াইলে দুটি অত্যাধুনিক বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রবিবার (১২ জুলাই) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।​বৈঠকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন এই দুটি মেগা প্রকল্পের কাজের অগ্রগতি এবং রূপরেখা তুলে ধরা হয়।বৈঠকে জানানো হয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আমিনবাজারে চীনের সিএমইসি গ্রুপ একটি আধুনিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বড় অঙ্কের বিনিয়োগ করছে। এই কেন্দ্রটিতে প্রতিদিন প্রায় ৩ হাজার টন বর্জ্য পুড়িয়ে বা ব্যবহার করে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৮ সালের আগস্ট মাসের মধ্যে এই কেন্দ্রটি থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। চুক্তির আওতা অনুযায়ী, আগামী ২৫ বছর এখান থেকে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ উৎপাদন করা যাবে।অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাতুয়াইলে দক্ষিণ কোরিয়ার বিঅ্যান্ডএফ কোম্পানি আরও একটি বিশাল বর্জ্য ব্যবস্থাপনা ও বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে প্রতিদিন প্রায় ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার টন বর্জ্য রিসাইকেল করে বছরে ১ লাখ ৫ হাজার টন মিথেন গ্যাস উৎপাদন করা হবে। উৎপাদিত এই গ্যাস কাজে লাগিয়ে বছরে প্রায় ৮১,০০০ মেগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।প্রকল্প দুটিকে পরিবেশবান্ধব উপায়ে দ্রুত আলোর মুখ দেখাতে স্থানীয় সরকার, বিদ্যুৎ এবং পরিবেশ মন্ত্রণালয়ের মধ্যে একটি জরুরি আন্তঃমন্ত্রণালয় বৈঠক আয়োজনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকল্প দুটির কাজ শেষ করার পাশাপাশি সর্বোচ্চ পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।​গুরুত্বপূর্ণ এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।