যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির অনিয়ম প্রসঙ্গে জানাতে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাত চেয়ে আবেদন করেছেন দলের পদবঞ্চিত নেতারা।

রবিবার (২৮ জুন) গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ সংক্রান্ত একটি আবেদনপত্র জমা দেন তারা।  

কমিটিতে নিষ্ক্রিয় ব্যক্তিদের তথ্য, পরীক্ষিতদের বিষয়ে দৃষ্টি আকর্ষণ এবং নিজেদের বঞ্চনার কথা তুলে ধরতে এ আবেদন করা হয়। পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, যুবদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান তাদের বিষয়টি বিবেচনা করবেন এবং সাক্ষাতের সুযোগ দেবেন। 

চিঠিতে বলা হয়, আমরা পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ, আমরা যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের একাধিক কমিটিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছি এবং বিগত ফ্যাসিস্ট হাসিনার আমলে বিএনপি ঘোষিত সকল কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ ও রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছি। সংগঠনের বর্তমান পরিস্থিতি ও আমাদের অবস্থান এবং কিছু গুরুত্বপূর্ণ সাংগঠনিক বিষয় আপনার নিকট উপস্থাপনের জন্য আপনার সাথে সাক্ষাৎ করতে আগ্রহী।

এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।