বিএনপি গণতন্ত্র ও দেশের মানুষের অধিকার রক্ষার দল উল্লেখ করে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জন্য কাজ করছেন।
আজ মঙ্গলবার সকালে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মিজানুর রহমান মিনু বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রেখেছে। জুলাই আন্দোলনসহ বিভিন্ন সময়ে দলের নেতা কর্মীরা মামলা, জেল ও নির্যাতনের শিকার হয়েছেন। যে কোনো অপশক্তির ষড়যন্ত্র বিএনপির নেতা কর্মীরা রুখে দেবেন।
মন্ত্রী আরও বলেন, ভূমি দস্যুতা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এসব কর্মকাণ্ড কঠোরভাবে দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কাজ করতে হবে।
এ সময় মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশীদ, সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, সংরক্ষিত আসনের এমপি মাহমুদা হাবীবা, জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈসা ও সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।








