বই বিষয়ক ত্রৈমাসিক পত্রিকা ‘এবং বই’ এর বিশেষ নারী সংখ্যা (২৪তম সংখ্যা) প্রকাশিত হয়েছে।
এই সংখ্যায় রাবেয়া খাতুনের ‘অনন্ত অন্বেষা' উপন্যাস নিয়ে লিখেছেন আহমাদ মাযহার, শিপ্রা রক্ষিত দস্তিদারের ‘ইতিহাস ও সংস্কৃতি’ বই নিয়ে লিখেছেন আলতাফ পারভেজ, তসলিমা নাসরিনের ‘লজ্জা' উপন্যাস নিয়ে লিখেছেন আহমদ বশীর, নুর সালমা জুলির বই ‘নারীর অন্তর্বয়ান: বৈশ্বিক অনুধ্যান' নিয়ে লিখেছেন মামুন কবীর।
সুমন মজুমদার লিখেছেন সাদিয়া সুলতানা সম্পাদিত নারীর কলমে বীরাঙ্গনাদের গল্প ‘আগুনভাঙা ফুল’ নিয়ে, মাকসুদা আক্তার লিখেছেন সনজিদা খাতুনের আত্ম স্মৃতিমূলক তিন বই ‘অতীত দিনের স্মৃতি’, ‘শান্তিনিকেতনের দিনগুলি’ ও ‘আমার বাবা কাজী মোতাহার হোসেন’ নিয়ে।
রাশিদা সুলতানার উপন্যাস ‘শূন্যমার্গে’ নিয়ে লিখেছেন জব্বার হোসেন, কিযী তাহনিন এর ‘মসলার কৌটা’ নিয়ে লিখেছেন জোবায়ের মিলন, আনোয়ারা সৈয়দ হকের ‘স্মৃতির খেয়ায় যাই ভেসে যাই' নিয়ে লিখেছেন রাকিবুল রকি, পাপড়ি রহমানের ‘নদীধারা আবাসিক এলাকা’ নিয়ে লিখেছেন নুসরাত সুলতানা, কাজী লাবণ্যের গল্প সংকলন ‘আরুশি ও একটি মিছরিদানা আংটি’ নিয়ে লিখেছেন তানিয়া আক্তার।
রাজশ্রী বসু লিখেছেন সোমঋতা মল্লিকের বই ‘বুলবুল: বিদ্রোহীর বুকে বিষাদের সুর’ বই নিয়ে, পলাশ মজুমদার লিখেছেন মৈত্রেয়ী দেবীর বই ‘কুটিরবাসী রবীন্দ্রনাথ' নিয়ে, এমরান হাসান লিখেছেন নুসরাত সুলতানার ‘রাতের হাতে দিনের তসবিদানা’ নিয়ে।
অন্য ভাষার বই পর্বে লেবানিজ লেখিকা হানান আল-শাইখ এর ‘বৈরুত ব্লজ’ নিয়ে লিখেছেন লুনা রাহনুমা। এছাড়া মনিকা আলী ও তাহমিমা আনামের বই নিয়ে লিখেছেন আলমগীর খান।
‘এবং বই’ সম্পাদক ফয়সাল আহমেদ বলেন, অনেকদিন ধরে নারী লেখকদের প্রাধান্য দিয়ে একটি সংখ্যা করার ইচ্ছে ছিলো, কিন্তু নানা কারণে তা হয়ে উঠেনি। অবশেষে তা সম্ভব হলো। চলতি সংখ্যায় প্রকাশিত ১৬টি লেখায় দেশি-বিদেশি নারী লেখকদের বই নিয়ে আলোচনা করা হয়েছে; লিখেছেন দেশের গুরুত্বপূর্ণ লেখকরা। আশা করি এই সংখ্যাটি পাঠকদের ভালো লাগবে।
চিত্রশিল্পী সুনয়নী দেবীর লেডি উইথ প্যারট অবলম্বনে এই সংখ্যায় এই সংখ্যায় প্রচ্ছদ করেছেন রহিম রানা। ১৬০ পৃষ্ঠার পত্রিকাটির দাম ১৫০ টাকা।








