জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় এসে বিদ্যুতের পরিবর্তে মানুষের হাতে হারিকেন ও মোমবাতি ধরিয়ে দিয়েছে। বৃহস্পতিবার ফেনীর সোনাগাজী পৌরসভা চত্বরে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে এনসিপির মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসাবে পৌর শহরের জিরোপয়েন্টের শহীদ চত্বর থেকে পদযাত্রা শুরু হয়। এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা চত্বরে এসে পথসভায় মিলিত হয়।
হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগ সরকারের সময় আমরা সবাই বিদ্যুৎ নিয়ে বলেছি, আগে মাঝে মধ্যে বিদ্যুৎ যেত, এখন যায় না, মাঝে মধ্যে আসে। বিদ্যুৎমন্ত্রী সংসদের এসি রুমে দাঁড়িয়ে বিদ্যুৎ নিয়ে মিথ্যা তথ্য দেন। তিনি বলেন বিদ্যুৎ না-কি যায় না। আমি বলব বাসা, অফিস, গাড়ি ও সংসদের এসিরুমে থেকে বিদ্যুতের খবর জানবেন না। এসিরুম থেকে বেরিয়ে আসুন।
তিনি বলেন, এখনও দেশ মাদকমুক্ত হয় নাই, দুর্নীতিমুক্ত হয় নাই, চাঁদাবাজ মুক্ত হয় নাই। বেকারদের সিভি নিয়ে অফিসের দরজায় দরজায় ঘুরা বন্ধ হয় নাই। জিনিসপাতির দাম এখনও কমে নাই। আমরা চাঁদাবাজি ও চাঁদাবাজের পরিবর্তন চেয়েছি। আমরা দুর্নীতি ও দুর্নীতিবাজেরও পরিবর্তন চেয়েছি, কিন্তু কোনোকিছুর পরিবর্তন হয় নাই।
উপজেলা এনসিপির আহ্বায়ক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোশাররফ হোসেনের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব শেহেরিন ইরা, কেন্দ্রীয় সদস্য দিলারা খানম, ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বকর মজুমদার, যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক তারিকুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য মহি উদ্দিন রনিস প্রমুখ।








