বুকে তীব্র ব্যথা নিয়ে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড হাসপাতাল) ভর্তি হয়েছেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল। শুক্রবার উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া থেকে এয়ার অ্যাম্বুলেন্সে জরুরি ভিত্তিতে ঢাকায় আনা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার নিজ বাসভবনে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন ডা. পাভেল। পরে রাতেই তাকে বগুড়ার টিএমএসএস হাসপাতালে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার দুপুর আড়াইটার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় আনা হয়। বর্তমানে তিনি রাজধানীর গুলশানে অবস্থিত কন্টিনেন্টাল হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এনএএম মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন নজরুল ইসলাম খান : এদিকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। শুক্রবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার পর দুদিন আগে বাসায় ফেরেন নজরুল ইসলাম খান। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, আগামী দুই সপ্তাহ তাকে পূর্ণ বিশ্রামে থাকতে হবে।







