লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের এক বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড, জমি দখল, হামলা, মিথ্যা মামলা ও ভূমিদস্যুতার অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে ইউনিয়নের স্টিলব্রিজ থেকে উদমারা সড়কে আয়োজিত মানববন্ধনে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন। এ সময় তাঁরা অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং প্রতিবাদী প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে স্থানীয় বিএনপির প্রভাবশালী নেতা শাহজাহান কবিরাজের নেতৃত্বে তাঁর সহযোগীরা এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা, ভয়ভীতি প্রদর্শন, দখলবাজি, হামলা এবং মিথ্যা মামলার মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করে আসছেন। তাঁদের দাবি, এসব কর্মকাণ্ডের কারণে এলাকার বাসিন্দারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
বক্তারা আরও বলেন, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হলে এলাকায় শান্তি ও স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে। একই সঙ্গে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।
সৌদি আরবপ্রবাসী মো. হুমায়ুন কবির ও তাঁর মা শামছুন্নাহার অভিযোগ করে বলেন, প্রবাসে উপার্জিত অর্থ দিয়ে এলাকায় একটি ভবন নির্মাণ করছেন তিনি। চাঁদার দাবি পূরণ না করায় ১৫ দিন ধরে ভবনের নির্মাণকাজ বন্ধ করে রাখা হয়েছে। এতে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেন। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তাঁরা।
মানববন্ধন শেষে হুমায়ুন কবির, জাকির, তফাজ্জল হোসেন, মুরাদ হোসেন, বৃদ্ধ জাহের মাঝি, বোরহান কবিরাজ ও শামছুন্নাহার বেগমসহ বিক্ষোভে অংশগ্রহণকারীরা এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল করেন। এ সময় তাঁরা অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিএনপি নেতা শাহজাহান কবিরাজ। তিনি বলেন, ‘যুবদল নেতা জাকির হোসেনের সঙ্গে জমি-সংক্রান্ত বিরোধের জেরে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। অভিযোগগুলোর কোনো সত্যতা নেই।’








