কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালতলায় কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের পাশে মুদি দোকানি রিপন কাজী (২৫) মুমূর্ষু অবস্থায় পড়ে ছিল। বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। তবে এটি সড়ক দুর্ঘটনা নাকি হত্যা, এ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।
ভোরে মসজিদের মুয়াজ্জিন তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
নিহত রিপন কাজী মিরপুর উপজেলার পৌর এলাকার আলম কাজীর ছেলে। ওই তালতলা এলাকায় তিনি ‘রিপন স্টোর’ নামে মুদি দোকানের মালিক।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানিয়েছে, রিপনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রিপনের শরীরে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, রিপন কাজীকে কেউ মারধর করার কারণে মৃত্যু হয়েছে, নাকি অন্য কোনো কারণে তিনি মারা গেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।
তিনি আরো জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।








