রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় ব্রাজিলের খেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে সালিশি বৈঠকে বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশা (৩০) হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় আহত একই ইউনিটের সভাপতি মো. সাদ্দাম (৩৫) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গ্রেফতাররা হলেন- শোয়েব, আরমান ও নয়ন। নিহত আবুল বাসার বাদশা নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

বৃহস্পতিবার (২ জুলাই) তিনজনকে গ্রেফতারের বিষয় নিশ্চিত করেছেন মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা।

আরও পড়ুন

ফুটবল খেলা দেখা নিয়ে দ্বন্দ্ব, সালিশে কোপে আহত বিএনপি নেতার মৃত্যু

এডিসি জুয়েল রানা বলেন, মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত সবাইকে আইনের আওয়াত আনতে অভিযান চলমান রয়েছে।

এর আগে বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে নবোদয় বাজার এলাকায় সালিশি বৈঠক চলাকালে বিএনপির দুই নেতাকে কোপানোর ঘটনা ঘটে। স্থানীয়রা আহতাবস্থায় তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে মো. আবুল বাসার বাদশার অবস্থার অবনতি হলে হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গত ২৯ জুন নবোদয় হাউজিং এলাকায় ব্রাজিলের ফুটবল খেলা দেখা শেষে ঢোল বাজানোকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে আদাবর থানা বিএনপির সদস্য হাবিবুর রহমানের বিরোধের সৃষ্টি হয়। পরে ওই বিরোধ মীমাংসার লক্ষ্যে বুধবার রাতে নবোদয় বাজারে একটি সালিশি বৈঠকের আয়োজন করা হয়।

অভিযোগ রয়েছে, বৈঠক চলাকালে রিপন, নিরব, পারভেজ ও মাসুম নামে কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। এতে হাবিবুর রহমানের পক্ষের সাদ্দাম ও বাদশা গুরুতর আহত হন।

স্থানীয়দের দাবি, অভিযুক্তরা স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্য।

টিটি/এমএএইচ/