স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বিএনপি সরকার ব্যর্থ হলে এ দেশে কেউ বাস করতে পারবে না। এর চেয়ে নিষ্ঠাবান সরকার ও নিষ্ঠাবান প্রধানমন্ত্রী বাংলাদেশের ইতিহাসে আর আসেননি, আর ছিলেনও না।

শনিবার (১ আগস্ট) দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জুলাই অভ্যুত্থানের পর মানুষের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা পূরণ করতে না পারলে শুধু সরকার নয়, সংশ্লিষ্ট সবাইকে এর দায় নিতে হবে। আমরা যদি আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পারি, তাহলে আমরা শুধু শেষ হবো না, আপনারাও শেষ হবেন। কেউ বাড়িতে থাকতে পারবেন না, ডিউটিতেও থাকতে পারবেন না। কারণ সবার আমলনামা মানুষ জানে।

চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, দেশের স্বার্থে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অবহেলা বা অনিয়মের সুযোগ নেই।

তিনি বলেন, দেশটার স্বার্থে আপনারা দেশটাকে ধ্বংস করবেন না। সবাই মিলে মানুষের স্বাস্থ্য নিশ্চিত করি। স্বাস্থ্যখাত ভালো হলে দেশও এগিয়ে যাবে।

প্রবাসীদের অবদানের কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, লাখ লাখ বাংলাদেশি বিদেশে কাজ করছেন। তারা যদি দেশে রেমিট্যান্স না পাঠাতেন, তাহলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শূন্য হয়ে যেত। মানুষের বেতন দেওয়া, অর্থনীতি সচল রাখা—সবকিছুই কঠিন হয়ে পড়ত।

বিধান মজুমদার অনি/কেএইচকে/এএসএম