বড়লেখায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী ঘোষণার পরই জামায়াতে ইসলামী উপজেলার ১০ ইউনিয়নের ৯টিতে একক দলীয় চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করেছে। তারা ৬ মাস ধরে ভোটারের সমর্থন আদায়ে নানাভাবে মাঠে প্রচারণা চালাচ্ছেন। অপরদিকে বিএনপি একক প্রার্থী ঘোষণা এখনো দেয়নি। দলটির মনোনয়নপ্রত্যাশী নেতারা নির্বাচনি মাঠে সক্রিয়। তারা নিয়মিত গণসংযোগ ও সভা-সমাবেশ চালিয়ে যাচ্ছেন। এলাকাবাসীকে নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন।

এলাকা ঘুরে ও দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির মনোনয়নপ্রত্যাশী মাঠে সক্রিয় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা হলেন-বর্নি ইউনিয়নের বর্তমান ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, বিএনপি নেতা লোকমান উদ্দিন বায়েছ, সাইফুজ্জামান সরওয়ার, সাহাব উদ্দিন, ইতালি প্রবাসী ছাব্বির আহমদ। সদর ইউনিয়নে প্রার্থী হতে চান বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মামুন, আব্দুল গনি, শাহজাহান আহমদ চৌধুরী, আব্দুর রহমান শাহীন এবং উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক খালেদ আহমদ।

উত্তর শাহবাজপুর ইউনিয়নে প্রার্থিতা চান বিএনপি নেতা আব্দুল হালিম, মো. তাজ উদ্দিন ও পেশাজীবী প্রতিনিধি হাসান শামীম। দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নে বিএনপি নেতা আব্দুল কুদ্দুস স্বপন, শাহজাহান আহমদ, আবুল আহমদ, আনিছ আহমদ মনোনয়ন চান। দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নে প্রার্থিতা চান বিএনপি নেতা ইকবাল হোসেন, সাইফুল ইসলাম, বর্তমান ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আমিনুল হক।

সুজানগর ইউনিয়নে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নছিব আলী, বিএনপি নেতা আবুল আছ আহমদ ও রহিম বক্ত মুসা ভোট করতে চান। দক্ষিণভাগ উত্তর ইউনিয়নে বিএনপি নেতা রফিক উদ্দিন, ময়নুল হক, এনামুল হক ও আতিকুর রহমান দলীয় প্রার্থী হতে চান। নিজবাহাদুরপুর ইউনিয়নে সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা আলাল উদ্দিন, মিছবাউল হক মিনু ও সাবেক ছাত্রদল নেতা কাউসার আহমদ এগিয়ে আছেন। দাসেবাজার ইউনিয়নে বিএনপি তেনা রহিম উদ্দিন নজরুল, রুহুল আমীন বাহার ও কলিম উদ্দিন দলীয় মনোনয়ন পেতে কাজ করছেন। তালিমপুর ইউনিয়নে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম আয়জুল, বিএনপি নেতা ছালেহ আহমদ ও সাহাব উদ্দিন আলোচনায় আছেন।

এদিকে জামায়াতে ইসলামী ঘোষিত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা হলেন-বর্নি ইউনিয়নে ফয়সল আহমদ, তালিমপুর ইউনিয়নে কাজী রুহুল আমিন, উত্তর শাহবাজপুর ইউনিয়নে আকবর আলী, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নে আব্দুল কুদ্দুস, নিজ বাহাদুরপুরপুর ইউনিয়নে আব্দুস সালাম, সুজানগর ইউনিয়নে লিয়াকত হাসান, দক্ষিণভাগ উত্তর ইউনিয়নে লুৎফুর রহমান, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নে আব্দুস সামাদ, বড়লেখা সদর ইউনিয়নে রবিউল ইসলাম সুহেল এবং দাসেরবাজার ইউনিয়নে প্রার্থী ঘোষণা করেনি দলটি।

এছাড়া আলোচনায় আছেন উত্তর শাহবাজপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ, বাহাদুরপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ময়নুল হক, দাসেরবাজার ইউপি চেয়ারম্যান স্বপন কুমার চক্রবর্তী ও সুজানগর ইউপি চেয়ারম্যান বদরুল ইসলাম।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু জানান, বিএনপির অনেক নেতাই দলীয় প্রার্থী হতে মাঠে কাজ করছেন। উপজেলা জামায়াতের নায়েবে আমির ফয়সল আহমদ জানান, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আগেই প্রার্থিতা ঘোষণা করা হয়েছে।