সিলেটের বিশ্বনাথ উপজেলার আট ইউনিয়ন পরিষদে বইছে নির্বাচনি হাওয়া। ইউনিয়নগুলো হচ্ছে-লামাকাজী, খাজাঞ্চি, অলংকারি, রামপাশা, দৌলতপুর, বিশ্বনাথ, দেওকলস ও দৌলতপুর ইউনিয়ন। প্রতি ইউনিয়নে নতুন-পুরোনো মুখ মিলিয়ে বিএনপির একাধিক নেতা চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান। তারা ইতোমধ্যে মাঠে কাজ করছেন। তবে দলীয় মনোনয়ন ঘোষণা হলে কিছু ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী থাকতে পারে। কারণ বিশ্বনাথে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির ও এমপি তাহসিনা রুশদীর লুনার অনুসারীরা দুভাগে বিভক্ত।
অন্যদিকে সাতটি ইউনিয়নে একক প্রার্থী ঘোষণা দিয়ে তালিকা করেছে জামায়াত। আর অপরটিতে শিগগিরই তারা প্রার্থিতা ঘোষণা করবে বলে উপজেলা নেতারা জানিয়েছেন।
লামাকাজী ইউনিয়নে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা হলেন-কবির হোসেন ধলা মিয়া, আজাদুর রহমান আজাদ ও আছকির আলী। খাজাঞ্চি ইউনিয়নে আবুল বশর মো. ফারুক, কয়েস আহমদ ও বাদশা মিয়া। অলংকারি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আতিকুর রহমান লিটন ও সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল। রামপাশা ইউনিয়নে খসরু মিয়া, বশির উদ্দিন ও মাহতাব উদ্দিন। বিশ্বনাথ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, জামাল আহমদ, আসাদুজ্জামান নুর আসাদ ও তানিমুল ইসলাম।
দৌলতপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান হাফিজ আরব খান। দেওকলস ইউনিয়নে মাছুম আহমদ মারুফ। দশঘর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, তাজুল ইসলাম, ইমাম উদ্দিন, শিহাব আহমদ ও আব্দুল আহাদ।
এছাড়াও সাতটি ইউনিয়নে জামায়াত ঘোষিত চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন-লামাকাজী ইউনিয়নে মোহাম্মদ আব্দুল আলী, খাজাঞ্চি ইউনিয়নে গিয়াস উদ্দিন সাদী, রামপাশা ইউনিয়নে ইঞ্জিনিয়ার সালেহ আহমেদ, দৌলতপুর ইউনিয়নে মাস্টার বাবুল মিয়া, বিশ্বনাথ ইউনিয়নে আব্দুল কাইয়ুম আবুল, দেওকলস ইউনিয়নে মো. আব্দুর রহিম ও দশঘর ইউনিয়নে মাওলানা ফখরুল ইসলাম।
বিএনপি নেতা ও চারবারের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া বলেন, যেসব ইউনিয়নে প্রার্থী পাওয়া যায়নি, কিছুদিনের মধ্যে নেতাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিশশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী বলেন, মাঠের প্রচারে একাধিক প্রার্থী থাকলেও সময়মতো আমাদের এমপির সঙ্গে আলোচনা করে একক প্রর্থী চূড়ান্ত করা হবে।
উপজেলা জামায়াতের আমির নিজাম উদ্দিন সিদ্দিকী বলেন, সাতটি ইউনিয়নে আমাদের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। বাকি একটিতেও শিগগিরই ঘোষণা করা হবে।
ইউনিয়ন নির্বাচনে এনসিপি থেকে কোনো চেয়ারম্যান প্রার্থী নেই বলে জানিয়েছেন পৌরসভা এনসিপির আহ্বায়ক সাইফুল ইসলাম। তবে উপজেলা ও পৌরসভার নির্বাচনে তাদের প্রার্থী থাকবে বলে জানান তিনি।








