জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি ক্ষমতায় গিয়ে জুলাই অভ্যুত্থান ভুলে গিয়ে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। বিএনপির মুখে এক, অন্তরে ভিন্ন আর বাস্তবে আরেক রূপ দেখতে পাচ্ছে জনগণ। জুলাই সনদ বাস্তবায়নে জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোট সংসদ ও রাজপথে আন্দোলন চালিয়ে যাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সোমবার (১৩ জুলাই) বিকেলে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন সেন্টারে ১১ দলীয় জোটের ফেনী জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার এবং আমাদের বাস্তবতা’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়।
তিনি বলেন, মানুষ তাজা প্রাণ আর রক্ত দিয়ে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছে, কিন্তু দিন গড়ানোর সঙ্গে সঙ্গে বর্তমান সরকার সে কথা ভুলে যাচ্ছে। জুলাই সনদ নিয়ে বিএনপি দ্বিচারিতাপূর্ণ আচরণ করছে। গণভোটের রায় বাস্তবায়নে কালক্ষেপণ করা হলে দেশ আবারও সংঘাতের দিকে চলে যেতে পারে বলে তিনি সতর্ক করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, মানুষের গণভোটের গণরায়কে না মেনে নিজেরাই জাতিকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছেন। এখনো সময় আছে পার্লামেন্টে আলোচনা করুন, সংবিধান সংস্কারের বিশেষ কমিটি গঠন করুন। সংবিধান সংস্কার পরিষদের বিশেষ বৈঠক ডাকুন। আপনারা এটি সংসদে নিষ্পত্তি না করে রাজপথে নিয়ে যেতে চান, বিরোধী দলগুলোকে এক করে অথবা গণভোটে ৭০ ভাগ জনগণের সঙ্গে নিয়ে আমরা রাজপথে নামবো।
সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
জামায়াতে ইসলামীর ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা আবদুর রহীমের সঞ্চালনায় সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জামায়াতের কুমিল্লা অঞ্চল টিমের সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া, ঢাকা মহানগর উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র ফেনী জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত।
এছাড়াও এবি পার্টির ফেনী জেলা সভাপতি মাস্টার আহসান উল্লাহ, খেলাফতে মজলিস ফেনী জেলার সভাপতি মাওলানা মোজাফফর আহমদ জাফরী, বাংলাদেশ খেলাফত মজলিসের ফেনী জেলা সভাপতি মাওলানা নাজমুল আলম, এনসিপির ফেনী জেলা সদস্য সচিব শাহ ওয়ালি উল্লাহ মানিক, বিডিপির ফেনী জেলা সেক্রেটারি মো. ইসমাইল, জাগপার জেলা সভাপতি মোহাম্মদ সাইফুদ্দিন ও ফেনী শহর শিবিরের সভাপতি শফিকুল ইসলামসহ জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সেমিনারে বক্তব্য প্রদান করেন।
আবদুল্লাহ আল-মামুন/কেএইচকে







