ঢাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্তের আগে কোনো মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, প্রাথমিক তদন্ত ও মরদেহের ময়নাতদন্তের পর বিস্তারিত জেনে এ বিষয়ে কথা বলবেন।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সকালে একাডেমির প্যারেড গ্রাউন্ডে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট এবং ৪৩তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচের মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধারক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশের সঙ্গে তাহসিফের মৃত্যুর কোনো যোগসূত্র আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি এই বিষয়ে এখন কোনো কথা বলতে চাচ্ছি না। কারণ, একটা প্রাথমিক তদন্ত হতে হবে আর লাশের ময়নাতদন্ত হচ্ছে। তারপর আমরা সব বিষয় জেনে কথা বলব।’

সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে আজ সকাল সাড়ে ১০টার দিকে দুই ব্যাচের প্রশিক্ষণ সমাপনী উপলক্ষে আনুষ্ঠানিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের পরিচয় শনাক্ত হয় সঙ্গে থাকা মুঠোফোনের মাধ্যমেনৌপুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বিকেলে তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়। তিনি অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন। আজ বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেন নৌপুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন।
‘আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় ভালো’
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় ভালো মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ বাহিনীর মনোবল ফিরিয়ে আনা, বাহিনীকে সুশৃঙ্খল করা, জনবল বাড়ানোসহ প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে সুসজ্জিত করার কাজ করছে। তিনি বলেন, পুলিশ বাহিনী পুরোপুরি মনোবল ফিরে পেয়েছে। অপরাধী শনাক্ত, গ্রেপ্তার, তদন্ত এবং বিচারের মুখোমুখি করার ক্ষেত্রে পুলিশ সফলভাবে কাজ করছে। দু-একটি ক্ষেত্রে ব্যতিক্রম থাকতেই পারে।

পুলিশের শৃঙ্খলা বজায় রাখতে পুরস্কার ও শাস্তির ব্যবস্থা চালু করা হয়েছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘পুলিশ সদস্যদের ভালো কাজের জন্য পুরস্কৃত করা হচ্ছে। আবার কেউ অপরাধে জড়ালে, বেআইনি কর্মকাণ্ড করলে কিংবা শৃঙ্খলা ভঙ্গ করলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এভাবে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করা হচ্ছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাঁরা বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। আগামী দিনে আরও কাজ করা হবে। এ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম কিংবা হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেন।
‘পাহাড়ের পরিস্থিতি স্থিতিশীল’
পার্বত্য অঞ্চলে সেনা মোতায়েন বাড়ানো–সংক্রান্ত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পাহাড়ের পরিস্থিতি স্থিতিশীল, শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে। মাঝেমধ্যে এ ধরনের কিছু ঘটনা ঘটে থাকে। পাহাড়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনী আন্তরিকতার সঙ্গে কাজ করছে।’
ঠাকুরগাঁওয়ে উপনির্বাচন নিয়ে মন্ত্রী বলেন, ‘আমি যতটুকু খোঁজখবর নিয়েছি, সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’ তিনি বলেন, ‘আমরা প্রতিশ্রুতিবদ্ধ, অঙ্গীকারবদ্ধ। দেশে গণতান্ত্রিক চর্চা হবে। সবাই স্বাধীনভাবে ও নিরাপদে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আমরা এটাই প্রতিষ্ঠা করব।’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে নিয়ে এক প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, ‘আওয়ামী লীগ এখন নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দল। আমরা মনে করি, তারা কোনো দিন রাজনৈতিক দল ছিল না। কারণ, আওয়ামী লীগের ডিএনএর মধ্যে গণতন্ত্রের বীজ ছিল না। তারা একটি স্বৈরতান্ত্রিক ও মাফিয়া শক্তি ছিল। অরাজনৈতিক শক্তি হিসেবে তারা নিজেদের প্রমাণ করেছে। গণঅভ্যুত্থানের মুখে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে।’ আওয়ামী লীগ ফিরে আসতে চাইলেও জনগণ তাদের সেই সুযোগ দেবে না বলে তিনি মনে করেন।
নাটোরে সংসদ সদস্যের ছেলের বিরুদ্ধে নিজ দলের একজনকে হত্যার অভিযোগ এবং তাঁকে গ্রেপ্তারের বিষয়ে মন্ত্রী বলেন, ‘দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় আমরা অঙ্গীকারবদ্ধ। যার সন্তানই হোক, সংসদ সদস্যের সন্তান হলেও তাঁকে অভিযুক্ত করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে এবং রিমান্ডে নেওয়া হয়েছে। কাউকে ছাড় দেওয়া হয়নি।’






