ঢাকা-১২ আসন এলাকার ৩৫ জন অসচ্ছল রোগীর বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির এবং উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের উদ্যোগে শনিবার (১৮ জুলাই) রাতে মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে এ কার্যক্রম পরিচালিত হয়।

রোববার (১৯ জুলাই) জামায়াতের ঢাকা মহানগর উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক মো. আতাউর রহমান সরকারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সেলিম উদ্দিনের উদ্যোগে এর আগে তিন ধাপে শতাধিক ছানি রোগীকে বাছাই করে বিনামূল্যে অপারেশন ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় চতুর্থ ধাপে আরও ৩৫ জনের চোখের ছানি অপারেশন করা হয়।

অপারেশনের পর রোগীদের খোঁজখবর নিয়ে সেলিম উদ্দিন বলেন, মানুষই সৃষ্টির সেরা জীব। যারা মানুষের কল্যাণে কাজ করে, তারাই প্রকৃত অর্থে উত্তম মানুষ। আল্লাহ তাআলা মানুষকে ধন-সম্পদ কম-বেশি দিয়ে পরীক্ষা করেন। তাই সমাজের বিত্তবানদের উচিত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো।

আরও পড়ুন

স্থানীয় নির্বাচনে আ’লীগ নেতাদের অযোগ্য ঘোষণা করতে ইসিকে জামায়াতের চিঠি

তিনি জানান, জামায়াত একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, যেখানে কেউ অভুক্ত থাকবে না এবং বৈষম্যের শিকার হবে না। একটি মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়তে দলটি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

সেলিম উদ্দিন বলেন, ‘জুলাই আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল ন্যায়বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা। কিন্তু বর্তমান ক্ষমতাসীনরা এখনো জুলাই সনদ বাস্তবায়ন করতে পারেনি। ফলে জুলাই আন্দোলনের কাঙ্ক্ষিত লক্ষ্যও পূরণ হয়নি।’

তিনি উল্লেখ করেন, রাষ্ট্রক্ষমতায় না গিয়েও জামায়াত জনসেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এরই মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বিভিন্ন ওয়ার্ডে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, ওষুধ বিতরণ ও অসহায় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে।

সরকারের সমালোচনা করে জামায়াতের এ নেতা বলেন, পিছিয়ে পড়া মানুষের জন্য উন্নত চিকিৎসা ও বাসস্থানের ব্যবস্থা করা সরকারের দায়িত্ব। কিন্তু সরকারি হাসপাতালে রোগীদের অবহেলা ও দুর্নীতি স্বাস্থ্যসেবাকে আরও সংকটাপন্ন করে তুলেছে। অন্যদিকে বেসরকারি হাসপাতালের চিকিৎসা ব্যয় কয়েকগুণ বেড়ে যাওয়ায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য উন্নত চিকিৎসা গ্রহণ অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে।

শেষে তিনি সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করে বলেন, ‘আসুন, আমরা সবাই মিলে একটি মানবিক, বৈষম্যহীন ও কল্যাণমুখী নগর গড়ে তুলি।’

এমইউ/একিউএফ