বিশ্ব জনসংখ্যা দিবস
এত দিন আমরা বিশ্ব জনসংখ্যা দিবস নিয়ে আলোচনা করতে গিয়ে শুধু সংখ্যা বুঝেছি—পৃথিবীতে কত মানুষ বাস করছে, জনসংখ্যা কত দ্রুত বাড়ছে এবং অর্থনীতি, সম্পদ ও উন্নয়নের ওপর এর কী প্রভাব পড়ছে। কিন্তু ২০২৬ সালের বিশ্ব জনসংখ্যা দিবস উদ্যাপনের সময় জনসংখ্যাকে দেখার দৃষ্টিভঙ্গিকে বদলানোর সুযোগ এসেছে। জনসংখ্যা শুধু মানুষের সংখ্যা নয়; এটি মানুষের অধিকার, স্বপ্ন, সম্ভাবনা, সুযোগ এবং মর্যাদার প্রশ্ন।
বর্তমানে বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটির বেশি। কিন্তু আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ জনমিতিক বাস্তবতা জনসংখ্যা বৃদ্ধি নয়; বরং বিশ্বের বিভিন্ন দেশে ঘটে চলা গভীর জনমিতিক পরিবর্তন। একদিকে বহু দেশে জন্মহার কমছে এবং বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা দ্রুত বাড়ছে, অন্যদিকে অনেক দেশে তরুণ জনগোষ্ঠী এখনো জনসংখ্যার সবচেয়ে বড় শক্তি। এই দুই প্রবণতা, যুবসমাজের বিস্তার এবং জনসংখ্যায় বার্ধক্য—বিশ্বের অর্থনীতি, শ্রমবাজার, স্বাস্থ্যব্যবস্থা এবং সামাজিক কাঠামোকে নতুনভাবে রূপ দিচ্ছে।
মানবজাতির ইতিহাসে এত বড় তরুণ জনগোষ্ঠী আর কখনো ছিল না। বিশ্বের কোটি কোটি তরুণ আজ শিক্ষা, প্রযুক্তি এবং বৈশ্বিক যোগাযোগের অভূতপূর্ব সুযোগ পাচ্ছে। তারা নতুন উদ্ভাবন করছে, উদ্যোক্তা হচ্ছে, জলবায়ু আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে এবং সামাজিক পরিবর্তনের চালিকাশক্তি হয়ে উঠছে। তাদের সৃজনশীলতা, উদ্যম ও অভিযোজনক্ষমতা টেকসই উন্নয়নের সবচেয়ে বড় সম্পদ হতে পারে।
কিন্তু শুধু তরুণ জনগোষ্ঠী থাকলেই উন্নয়নের সুফল নিশ্চিত হয় না। এখনো অসংখ্য তরুণ বেকারত্ব, দক্ষতার ঘাটতি, মানসম্মত শিক্ষার সীমিত সুযোগ এবং বৈষম্যের মুখোমুখি। বাংলাদেশসহ অনেক দেশের জন্য চ্যালেঞ্জটি শুধু অধিক জনসংখ্যার আকার নয়; বরং এই তরুণদের সক্ষম করে তোলার জন্য পর্যাপ্ত বিনিয়োগ করা হচ্ছে কি না, সেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং তরুণদের জন্য বিশেষ বিনিয়োগ বরাদ্দ করা এখন আর বিলাসিতা নয়; বরং ভবিষ্যৎ সমৃদ্ধির অপরিহার্য শর্ত।
একই সঙ্গে আরেকটি বাস্তবতা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে, জনসংখ্যায় বার্ধক্য মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়া। মূলত উন্নত চিকিৎসাব্যবস্থা, পুষ্টি এবং জীবনযাত্রার মানোন্নয়নের ফলে মানুষ আগের যেকোনো সময়ের তুলনায় দীর্ঘ জীবন পাচ্ছে। এটি মানবসভ্যতার অন্যতম বড় অর্জন। তবে দীর্ঘায়ুর সঙ্গে সঙ্গে স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা এবং প্রবীণবান্ধব সেবাব্যবস্থা নতুনভাবে সাজানোর প্রয়োজনীয়তাও বেড়েছে।
দুঃখজনকভাবে প্রবীণ জনগোষ্ঠীকে প্রায়ই সমাজের জন্য বোঝা হিসেবে দেখা হয়। অথচ প্রবীণেরা পরিবার, সমাজ ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাঁরা অভিজ্ঞতার ভান্ডার, মূল্যবোধের ধারক, নতুন প্রজন্মের পরামর্শদাতা এবং সামাজিক সংহতির অন্যতম ভিত্তি। তাই চ্যালেঞ্জ বার্ধক্য নয়; বরং এমন সমাজ গড়ে তোলা, যেখানে মানুষ মর্যাদা, নিরাপত্তা ও উদ্দেশ্যপূর্ণ জীবন নিয়ে বার্ধক্যে পৌঁছাতে পারে।
এই পরিবর্তনশীল জনমিতিক বাস্তবতায় প্রযুক্তি নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। তবে প্রযুক্তি একাই সব সমস্যার সমাধান নয়। ডিজিটাল রূপান্তরের পাশাপাশি প্রয়োজন ডিজিটাল সাক্ষরতা, প্রযুক্তিতে সবার সমান প্রবেশাধিকার, নৈতিক শাসনব্যবস্থা এবং মানুষকেন্দ্রিক নীতি। প্রযুক্তি মানুষের সেবায় নিয়োজিত হবে কিন্তু মানুষের বিকল্প হিসেবে নয়। অন্যথায় প্রযুক্তিগত অগ্রগতি বিদ্যমান বৈষম্য আরও বাড়িয়ে দিতে পারে।
বাংলাদেশের জন্য এই বৈশ্বিক জনমিতিক পরিবর্তনের বিশেষ তাৎপর্য রয়েছে। গত পাঁচ দশকে পরিবার পরিকল্পনা, মাতৃ ও শিশুস্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন এবং কমিউনিটি-ভিত্তিক স্বাস্থ্যসেবায় ধারাবাহিক বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের অন্যতম সফল জনমিতিক রূপান্তরের উদাহরণ সৃষ্টি করেছে। জন্মহার কমেছে, মানুষের আয়ু বেড়েছে এবং স্বাস্থ্য সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে।
আজ বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। দেশের বৃহৎ কর্মক্ষম জনগোষ্ঠী অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক পরিবর্তনের শক্তিশালী ভিত্তি হতে পারে। ডিজিটাল অর্থনীতির সম্প্রসারণ, উদ্যোক্তা সংস্কৃতির বিকাশ, শিক্ষার বিস্তার এবং কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধির ফলে ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ রয়েছে।
তবে সামনে কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জও রয়েছে। তরুণদের বেকারত্ব, দক্ষতার অসামঞ্জস্য, দ্রুত নগরায়ণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব এখনো লাখো মানুষের জীবনকে প্রভাবিত করছে।
বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বাস্তবতার কথাও স্মরণ করিয়ে দেয়। বিশ্বজুড়ে উন্নয়ন সহযোগিতা আজ নানা চাপের মুখে। অর্থায়ন কমে যাওয়া এবং পরিবর্তিত ভূ-রাজনৈতিক অগ্রাধিকারের কারণে স্বাস্থ্য, শিক্ষা, লিঙ্গসমতা এবং সামাজিক সুরক্ষাবিষয়ক বহু কর্মসূচি সংকুচিত হচ্ছে। অথচ একই সময়ে জলবায়ু পরিবর্তন, বাস্তুচ্যুতি, মানবিক সংকট এবং বৈষম্য বিশ্বের কোটি কোটি মানুষের জীবন ও জীবিকাকে হুমকির মুখে ফেলছে।
ভবিষ্যৎ নির্ধারণ করবে না শুধু জনসংখ্যার আকার। ভবিষ্যৎ নির্ভর করবে আমরা মানুষের ওপর কতটা বিনিয়োগ করতে পারছি, তার ওপর। জনসংখ্যা নীতির লক্ষ্য কখনোই মানুষের সংখ্যা নিয়ন্ত্রণ করা নয়; বরং মানুষের অধিকার নিশ্চিত করা, তাদের পছন্দের স্বাধীনতা বাড়ানো এবং জীবনের প্রতিটি পর্যায়ে বিকাশের সুযোগ সৃষ্টি করা। ভবিষ্যৎ শুধু তরুণদের নয়, শুধু প্রবীণদেরও নয়। ভবিষ্যৎ তাদের, যারা প্রতিটি প্রজন্মের মূল্যকে স্বীকৃতি দেয় এবং প্রজন্মের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সংহতি গড়ে তোলে।
বিশ্ব জনসংখ্যা দিবসে আমাদের অঙ্গীকার হোক, জনসংখ্যার প্রকৃত শক্তি তার সংখ্যায় নয়, তার সম্ভাবনায়।







