পানির শব্দে এখন ঘুম ভাঙে তিস্তাপাড়ের মানুষের। ঘরের ভেতর কোমর সমান পানি, রান্নার চুলা জ্বলে মাচাংয়ের ওপর - ভারী বৃষ্টি আর উজানের পাহাড়ি ঢলে লালমনিরহাটে এখন এক বিভীষিকার নাম তিস্তা। গত ২৪ ঘণ্টায় দ্রুত পানি বেড়ে বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় হাতীবান্ধার ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।নদীর আকস্মিক বৃদ্ধিতে লালমনিরহাট সদর, পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ ও আদিতমারী উপজেলার অন্তত ১৫ হাজার পরিবার এখন পানিবন্দি। নিম্নাঞ্চলের রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় গবাদিপশু আর ছোট সন্তানদের নিয়ে চরম বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। গোবর্ধন গ্রামের আজিজার রহমান জানান, সাপ ও পোকামাকড়ের উপদ্রবের মধ্যে নির্ঘুম রাত কাটছে তাদের। গবাদিপশু রাখা হয়েছে রাস্তার উঁচু বাঁধে পলিথিন টাঙিয়ে।লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার জানান, ভারী বৃষ্টি ও উজান থেকে আসা ঢলের কারণে পানির চাপ অনেক বেশি। পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ত্রাণ ও বিশুদ্ধ পানির তীব্র সংকটে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।