আসন্ন বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে নির্মিত থিম সংয়ে কণ্ঠ দিয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় দুই সংগীতশিল্পী রাজীব ও লিজা। গত ২ জুলাই রাজধানীর রামপুরায় কিংবদন্তি সুরকার ও সংগীত পরিচালক ফোয়াদ নাসের বাবুর স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়।‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার মাধ্যমে সংগীতজগতে পেশাগত যাত্রা শুরু করা রাজীব ও লিজা এর আগেও বিভিন্ন বিশেষ দিবসের গান ও চলচ্চিত্রে একসঙ্গে প্লেব্যাক করেছেন। সেই ধারাবাহিকতায় এবারও তারা এক হয়েছেন বিশ্ব জনসংখ্যা দিবসের থিম সংয়ে।গানটির কথা লিখেছেন দীপক কুমার সাহা। গানের কথায় উঠে এসেছে নিরাপদ মাতৃত্ব, নবজাতকের সুরক্ষা এবং স্বাস্থ্যসেবার গুরুত্ব। ‘এসেছে নতুন ভোর, খুলেছি সেবার দোর...’—এমন কথার সঙ্গে সামঞ্জস্য রেখে সুর ও সংগীত পরিচালনা করেছেন ফোয়াদ নাসের বাবু।গানটি প্রসঙ্গে ফোয়াদ নাসের বাবু বলেন, “এর আগেও আমার সুরে রাজীব ও লিজা গান গেয়েছে। দুজনই খুব ভালো গায়। এবারও তারা দারুণভাবে গানটি গেয়েছে।”রাজীব বলেন, “ফোয়াদ নাসের বাবু বাংলাদেশের একজন জীবন্ত কিংবদন্তি সুরকার ও সংগীত পরিচালক। তাঁর সুরে গান গাইতে সবসময়ই ভালো লাগে। লিজার সঙ্গে গান করাটাও আমার কাছে খুব স্বাচ্ছন্দ্যের। আশা করছি, গানটি শ্রোতাদের ভালো লাগবে।”

লিজার ভাষ্য, “বিশেষ দিবস উপলক্ষে হওয়ায় গানটির কথা ও সুরের মধ্যে সুন্দর একটি সমন্বয় রয়েছে। বাবু স্যারের সুর আমার খুব ভালো লেগেছে। রাজীব ভাইয়ের সঙ্গে আগেও অনেক গান গেয়েছি। নতুন এই গান নিয়েও আমি আশাবাদী।” শিল্পী দুজন জানান, বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে গানটি দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও অন্যান্য মাধ্যমে প্রচার করা হবে। এদিকে থিম সংয়ের কাজের পাশাপাশি দুজনই স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি লিজা চট্টগ্রামে একটি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছেন। অন্যদিকে আগামী ৮ জুলাই একটি স্টেজ শোতে পারফর্ম করবেন রাজীব।