বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে নির্মিত একটি থিম সংয়ে কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের জনপ্রিয় দুই সংগীতশিল্পী রাজীব ও লিজা। গত ২ জুলাই সুরকার, সংগীত পরিচালক ফোয়াদ নাসের বাবুর স্টুডিওতে তারা এ গানে কণ্ঠ দেন। ‘এসেছে নতুন ভোর, খুলেছি সেবার দোর, নতুন শিশুকে করি আবাহন, যত্নে রত্ন মেলে, নিরাপদ সেবা পেলে, তার হাসিতেই হাসে এ ভুবন’-এমন কথার গানটি লিখেছেন দীপক কুমার সাহা। সুর করেছেন ফোয়াদ নাসের বাবু। তিনি বলেন, ‘রাজীব ও লিজা দুজনেই বেশ ভালো গায়। এ গানটিও খুব সুন্দর গেয়েছে তারা।’ রাজীব বলেন, ‘ফোয়াদ নাসের বাবু ভাইয়ের সুরে গান গাইতে সবসময়ই আমার ভীষণ ভালো লাগে। আশা করছি এ গানটিও শ্রোতাদের ভালো লাগবে।’ লিজা বলেন, ‘গানের কথা ও সুরের একটা চমৎকার যোগসূত্র তৈরির চেষ্টা করেছেন বাবু স্যার। আমার কাছে গানের সুরটা ভীষণ ভালো লগেছে।’ বিশ্ব জনসংখ্যা দিবসে গানটি বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হবে।