এতো কষ্ট করে অর্জন করা ‌‘বিশ্বকাপ ট্রফি’ স্পেনের ফুটবলার মার্ক কুকুরেয়া একটি প্লাস্টিকের ব্যাগে করে অন্যান্য জিনিসপত্রের সঙ্গে নিয়ে যাচ্ছেন। এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার), ফেসবুকসহ অন্যান্য মাধ্যমে। এতে সবার চোখ কপালে। আসলে কী তাই?

বিশ্বকাপ-২০২৬ এ স্পেন দুর্দান্ত পারফরম্যান্স দেখালো। ফাইনালে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ঘরে তুললো লামিন ইয়ামালরা।

অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো ফিফা বিশ্বকাপের শিরোপা জিতে নিলো স্পেন। ফাইনালে এনজো ফার্নান্দেসের লাল কার্ড এবং আর্জেন্টিনার খেলার পারফরম্যান্স নিয়ে যেমন আলোচনা হচ্ছে, তেমনি কুকুরেয়ার এই ঘটনাও মুহূর্তেই আলোচনার কেন্দ্রে চলে আসে।

আরও পড়ুন

ফিফা র‍্যাংকিংয়েও নতুন রাজা স্পেন, নরওয়ের ১২ ধাপ উত্থান

ঐতিহাসিক জয়ের পর স্পেনের ফুটবলাররা যখন স্টেডিয়াম ছাড়ছিলেন, তখন ক্যামেরায় ধরা পড়ে কুকুরেয়ার হাতে থাকা সাদা প্লাস্টিকের ব্যাগটি। ব্যাগের ভেতরে বিশ্বকাপ ট্রফির মতো একটি বস্তু দেখে অনেকেই বিস্মিত হন। মুহূর্তেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং স্পেনের স্মরণীয় জয়ের রাতে এটি হয়ে ওঠে আরেকটি আলোচিত ঘটনা।

কী আছে ওই ভিডিওতে?

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, স্পেনের ফুটবলার মার্ক কুকুরেয়া একটি সাধারণ সাদা প্লাস্টিকের ব্যাগে বিশ্বকাপ ট্রফির মতো দেখতে একটি বস্তু বহন করছেন। চেলসি ডিফেন্ডার মার্ক কুকুরেয়াকে এভাবে স্টেডিয়াম ছাড়তে দেখে সেখানে উপস্থিত সবাই অবাক হন। পরে সেই ঘটনা ভাইরাল।

অনেকে এটিকে নিছক মজার ঘটনা মনে করলেও অনেকে আবার তীব্র সমালোচনা করে বলছেন, ‘যে ট্রফি কোটি কোটি টাকা মূল্যের, জয়ের পর সেই ট্রফির কি না জায়গা হলো ময়লা ফেলার ব্যাগে!’

جنووووووون

كوكوريلا شايل معاه لقب كأس العالم في كيس قمامة pic.twitter.com/rLHDLneggu

— محمود (@MH_1902) July 20, 2026

তবে দ্য সানডে গার্ডিয়ান তাদের প্রতিবেদনে বলছে, ওই ভিডিওর মধ্যে যে ট্রফি ছিল সেটি নিছক লেগো দিয়ে তৈরি একটি খেলনা ট্রফি, বিশ্বকাপ ট্রফি নয়।

ঘটনাটি অনেকে বিশ্বাসও করছেন না, কারণ ৬ কেজির বেশি ওজনের ট্রফি এমন পাতলা পলিথিন ব্যাগে বহন করতে পারার কথাও না।

তবে আনুষ্ঠানিকভাবে জানা না গেলেও স্পেনের জয়ের পর এমন ঘটনা হাস্যরস জুগিয়েছে ফুটবলপ্রেমীদের মাঝে।

যেভাবে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিন স্পেন

অতিরিক্ত সময়ে ১-০ গোলের ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো ফিফা বিশ্বকাপ জিতলো স্পেন। পুরো ম্যাচজুড়েই ইউরোপীয় চ্যাম্পিয়নরা বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল। অন্যদিকে, আর্জেন্টিনা আক্রমণে খুব বেশি ছন্দ খুঁজে পায়নি এবং মূলত রক্ষণভাগের দৃঢ়তার ওপর নির্ভর করেই ম্যাচে টিকে ছিল।

আরও পড়ুন

বিশ্বকাপ ফুটবল / আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ম্যাচের মোড় ঘুরে যায় নির্ধারিত সময়ের শেষদিকে। পাও কুবারসির ওপর বেপরোয়া ট্যাকলের জন্য দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন এনজো ফার্নান্দেস। ফলে অতিরিক্ত সময়ে ১০ জনের দল নিয়ে খেলতে বাধ্য হয় আর্জেন্টিনা।

গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের একের পর এক দুর্দান্ত সেভ করে দলকে লড়াইয়ে রাখলেও শেষ পর্যন্ত ১০৬তম মিনিটে স্পেন কাঙ্ক্ষিত গোল পেয়ে যায়। নিকো উইলিয়ামসের হেড থেকে বল পেয়ে শান্তভাবে জালে জড়ান ফেরান তোরেস। সেই গোলেই লুইস দে লা ফুয়েন্তের দল নিশ্চিত করে বিশ্বকাপ জয়।

এসএনআর