রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল ম্যাচ (আর্জেন্টিনা বনাম মিশর) দেখানো উপলক্ষে সাময়িকভাবে সকল প্রকার যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (৭ জুলাই) রাত ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বাইসাইকেল, মোটরসাইকেল, রিকশা, প্রাইভেটকারসহ সকল ধরনের যানবাহনের ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সময়ে সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছে।
প্রসঙ্গত, ফিফা বিশ্বকাপ ফুটবলের সকল ম্যাচ বেরোবি প্রশাসনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে বড়পর্দায় (এলইডি স্ক্রিন) দেখানো হচ্ছে। এতে বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের বাহির থেকে অনেক দর্শক আসেন তা উপভোগ করতে।








