ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে ১৯৮৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে জায়গা করে নিয়েছে মেক্সিকো। স্মরণীয় এই জয়ের পর বাঁধভাঙা উল্লাসে মেতেছিল মেক্সিকানরা। তবে সেই উৎসব মুহূর্তেই রূপ নেয় শোকে। রাজধানী মেক্সিকো সিটিতে উদযাপনের সময় শ্বাসরোধে তিনজনের মৃত্যু হয়েছে।

মেক্সিকো সিটির স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাতে বিবিসি জানিয়েছে, নিহতদের মধ্যে ১৯ বছর বয়সী এক তরুণী, ৪৮ বছর বয়সী এক নারী এবং ৪৪ বছর বয়সী এক পুরুষ রয়েছেন। জয় উদযাপন করতে নেমে আসা বিপুল জনসমাগমের মধ্যেই এ মর্মান্তিক ঘটনা ঘটে।

মেক্সিকো সিটি সরকারের তথ্য অনুযায়ী, মেক্সিকোর ঐতিহাসিক এই জয় উদযাপন করতে মেক্সিকো সিটির রাস্তায় ১০ লাখেরও বেশি মানুষ নেমে আসেন। তাদের বেশির ভাগই শহরের কেন্দ্রস্থলে অবস্থিত অ্যাঞ্জেল অব ইনডিপেনডেন্স স্মৃতিস্তম্ভের আশপাশে জড়ো হন।

মেক্সিকো সিটি সরকারের প্রধান ক্লারা ব্রুগাদা মোলিনা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, ‘নিহতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল। আগামী দিনগুলোতে আমরা তাদের পাশে থাকব।’

ঘটনার পর আহতদের তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে মেক্সিকো সিটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘রোগীদের প্রাথমিক চিকিৎসা ও সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দেওয়ার পর বিশেষায়িত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।’ তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে মারা যান তিনজন। স্বাস্থ্য কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, তিনজনেরই শ্বাসরোধে মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা তাদের পরিচয় শনাক্ত করেছেন।