ফুটবল বিশ্বকাপের খেলা প্রদর্শনীকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সাম্প্রতিক অপ্রীতিকর ঘটনার পর শেষ দুই ম্যাচে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সঙ্গে বৈঠক করে চার দফা দাবি তুলে ধরেছে সংগঠনটি।
ডাকসুর পক্ষ থেকে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের ছয়টি পয়েন্টে বিশ্বকাপের খেলা প্রদর্শনীকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। এতে শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আগামী ১৯ ও ২০ জুলাই অনুষ্ঠিতব্য বিশ্বকাপের শেষ দুই ম্যাচকে সামনে রেখে নিরাপত্তা পরিস্থিতির আরো অবনতি ঘটতে পারে—এমন আশঙ্কা থেকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রক্টরিয়াল বডির সঙ্গে ডাকসুর প্রতিনিধিদের একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে চার দফা দাবি উত্থাপন করা হয়।
ডাকসু জানায়, তাদের প্রথম দাবি হলো পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় পুরো ক্যাম্পাস নিয়ন্ত্রণে রেখে প্রবেশাধিকার সংরক্ষিত করা। দ্বিতীয় দাবিতে বিশ্ববিদ্যালয়ের শাহবাগ, নীলক্ষেত, ফুলার রোড, অফিসার্স টাওয়ার, দোয়েল চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যান—এই ছয়টি প্রবেশপথে নিরাপত্তা জোরদার করে শুধু বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের প্রবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়। পাশাপাশি অ্যাম্বুল্যান্স ও জরুরি সেবার যানবাহন ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখার দাবিও জানানো হয়।
সভায় ডাকসুর প্রতিনিধিরা আরো বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিজেদের অক্ষম বা ব্যর্থ মনে করে, তাহলে সব ধরনের বিশ্বকাপ খেলা প্রদর্শনী বন্ধ রাখা উচিত।”
সভায় ডাকসুর পক্ষ থেকে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মো. মাজহারুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক খান জসীম, সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা এবং কার্যনির্বাহী সদস্য আনাস ইবনে মুনির উপস্থিত ছিলেন।








