সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সিরাজপুর বাগগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি (এসএমসি) গঠনে অনিয়মের অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সাত্তার আজাদের বিরুদ্ধে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা লঙ্ঘন করে গোপনে কমিটি গঠনের চেষ্টার অভিযোগে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।গত ১ জুলাই সচেতন এলাকাবাসীর পক্ষে দেওয়া ওই অভিযোগে বলা হয়, অভিভাবক প্রতিনিধি নির্বাচন ছাড়াই গোপনে কমিটি গঠনের প্রক্রিয়া চালানো হচ্ছিল। সাধারণ অভিভাবকদের সভার বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। প্রকৃত অভিভাবকদের বাদ দিয়ে প্রধান শিক্ষক নিজের পছন্দের ব্যক্তিদের নিয়ে কমিটি গঠনের উদ্যোগ নিয়েছেন বলে অভিযোগকারীদের দাবি। এ ছাড়া প্রধান শিক্ষকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রশাসনিক অনিয়মের অভিযোগও আনা হয়েছে।লিখিত অভিযোগের অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা প্রেসক্লাব সভাপতির কাছেও পাঠানো হয়েছে। এলাকাবাসীর দাবি, বর্তমান বিতর্কিত প্রক্রিয়া স্থগিত করে সরকারি নীতিমালা অনুযায়ী সব অভিভাবকের অংশগ্রহণ নিশ্চিত করে স্বচ্ছতার সঙ্গে নতুন কমিটি গঠন করতে হবে।তবে অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক আব্দুস সাত্তার আজাদ বলেন, ‘আমি অভিভাবকদের নিয়ে সাধারণ সভা ডেকেই কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছিলাম। যারা সভায় আসেননি, তারাই এখন মিথ্যা অভিযোগ করছেন। তবে বিতর্ক এড়াতে ওই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। এখন যথাযথভাবে তফসিল ঘোষণা ও প্রচারের মাধ্যমে ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে।’উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আওয়াল বলেন, ‘অভিযোগ পাওয়ার পর প্রধান শিক্ষককে ডেকে পাঠানো হয়েছিল। তাকে সরকারি নিয়ম অনুযায়ী সব অভিভাবকের অংশগ্রহণে ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।’
রাজনীতি
বিশ্বম্ভরপুরে প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

শেয়ার করুন







