দীর্ঘ দিনের প্রেমিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বলিউড অভিনেত্রী আকাঙ্ক্ষা রঞ্জন কাপুর। শনিবার (১১ জুলাই) পরিচালক শরণ শর্মার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন তিনি। মুম্বাইয়ে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, গতকাল সূর্যাস্তের সময় নিজেদের বাসভবনের বাগানে আয়োজন করা হয় বিয়ের অনুষ্ঠান। পরে আইনি আনুষ্ঠানিকতার অংশ হিসেবে বিয়ের নথিতে স্বাক্ষর করেন তারা। এ জুটি তাদের বিয়ের অনুষ্ঠানটি ব্যক্তিগত ও ঘরোয়া রাখতে চেয়েছিলেন। পরিকল্পনা অনুযায়ী, মুম্বাইয়ের বাসভবনে প্রিয়জনদের উপস্থিতিতে অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করেন তারা।
বধূসাজে আকাঙ্ক্ষা
রবিবার (১২ জুলাই) মুম্বাইয়ে জমকালো আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করার কথা রয়েছে। তবে এই অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি বলেও এ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিয়ের বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। তাতে দেখা যায়, বিয়ের জন্য আকাঙ্ক্ষা বেছে নেন লাল-সোনালি ঐতিহ্যবাহী পোশাক। অন্যদিকে, শরণ পরেছিলেন সাদা রঙের ঐতিহ্যবাহী পোশাক। প্রকাশিত ছবিতে দেখা যায়, বিয়ের শপথ নেওয়ার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন আকাঙ্ক্ষা। এসব ছবির ক্যাপশনে আকাঙ্ক্ষা লেখেন, “তুমি না থাকলে ঘরটাও ঘরের মতো লাগে না, তুমি থাকলে কোনো ভয়ও লাগে না।”
ছবি প্রকাশের পর থেকে শুভেচ্ছো বার্তায় ভাসছেন নবদম্পতি। অভিনেত্রী আলিয়া ভাট সূর্যের ইমোজি দিয়ে শুভকামনা জানান। অভিনেতা প্রকাশ রাজের স্ত্রী ও কোরিওগ্রাফার পনি প্রকাশ লেখেন, “অভিনন্দন, অনেক ভালোবাসা।” অভিনেত্রী ওয়ামিকা গাব্বি লেখেন, “অভিনন্দন তোমাদের।” অনন্যা পান্ডে লেখেন, “কী দারুণ! তোমাদের দুজনকে অনেক ভালোবাসা।” তাছাড়াও আথিয়া শেঠি, মালাইকা অরোরা, আনশুলা কাপুর প্রমুখ।
বিয়ের শপথ নেওয়ার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন আকাঙ্ক্ষা
২০২০ সালে ‘গিল্টি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন আকাঙ্ক্ষা। এরপর ‘মণিকা, ও মাই ডার্লিং’, ‘জিগরা’ সিনেমায় অভিনয় করেন। তাকে সর্বশেষ দেখা গেছে ‘ইক্কা’ সিনেমায়। এটি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পায়। তাছাড়া প্রাইম ভিডিওর সিরিজ ‘গ্রাম চিকিৎসালয়’-এর দ্বিতীয় মৌসুমেও অভিনয় করেছেন। তার হাতে এখন তামিল-তেলেগু ভাষার ‘মায়াওয়ান’ সিনেমার কাজ রয়েছে।








