বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে মাদারীপুরের শিবচর উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে দুইজন।

শুক্রবার (৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দ্বিতীয় খণ্ড ইউনিয়নের মোড়লকান্দি এলাকার শিবচর-কুতুবপুর আঞ্চলিক সড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- একই ইউনিয়নের মাদবরকান্দি গ্রামের খাইরুল মাদবরের স্ত্রী বিথী আক্তার (৩৫) এবং একই এলাকার হারুন মাদবরের মেয়ে আয়শা আক্তার (৯)। সম্পর্কে তারা চাচি-ভাতিজি।

আহতরা হলেন- সাহাদাত মাদবরের মেয়ে সাজেদা আক্তার (৯) এবং ব্যাটারিচালিত ভ্যানচালক লিটন মিয়া (৩০)। তিনি উপজেলার যাদুয়ারচর এলাকার মৃত হায়দার আলীর ছেলে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানায়, বিথী আক্তার পরিবারের সদস্যদের সঙ্গে কুতুবপুর ইউনিয়নে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে দুটি ব্যাটারিচালিত ভ্যানে করে বাড়ি থেকে রওনা হন। মোড়লকান্দি এলাকার নদীপাড়ে পৌঁছালে বিথী আক্তারদের বহনকারী ভ্যান উল্টে যায়। এ সময় পেছন থেকে আসা কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে থাকা ভ্যানের যাত্রীদের চাপা দেয়। ঘটনাস্থলেই চারজন আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক বিথী আক্তার ও আয়শা আক্তারকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে ভ্যানচালক লিটন মিয়ার অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আহমেদ আসিফ বলেন, হাসপাতালে চারজন আহতকে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর দুইজনকে মৃত ঘোষণা করা হয়। আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।