গাইবান্ধা সদরে পৌরসভার ময়লাবাহী ডাম্প ট্রাকের চাপায় মাসুদ মিয়া নামে এক মসজিদের খাদেমের মৃত্যু হয়েছে। মোটরসাইকেলযোগে মসজিদে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন তিনি।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে নগরীর পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুদ গাইবান্ধা সদর উপজেলার মডেল মসজিদের খাদেম এবং একই শহরের জুম্মাপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, জুম্মাপাড়া থেকে সদর উপজেলা মডেল মসজিদের দিকে মোটরসাইকেলে যাচ্ছিলেন মাসুদ। বাসস্ট্যান্ড হয়ে সংযোগ সড়ক দিয়ে সাদুল্যাপুর সড়কে ওঠার সময় শহরমুখী একটি দ্রুতগতির পৌরসভার ময়লাবাহী ডাম্প ট্রাক তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ট্রাক ড্রাইভারকে আটক করে থানায় আনা হয়েছে। মরদেহ গাইবান্ধা জেলা হসপিটালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আনোয়ার আল শামীম/কেএইচকে/জেআইএম








