মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছামতি নদী থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) সকালে উপজেলার ইছাপুরা ইউনিয়নের টেংঘুরিয়া পাড়া কবরস্থান সংলগ্ন ইছামতি নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ওই বৃদ্ধের নাম আব্দুল মালেক (৭০)। তিনি উপজেলার লতব্দী ইউনিয়নের নতুন চর গ্রামের বাসিন্দা এবং মৃত নওয়াব আলীর ছেলে। এর আগে, গত ৩০ জুন বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফেরেননি।

পুলিশ জানায়, এলাকাবাসী নদীতে এক বৃদ্ধের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে নিহতের স্বজনেরা এসে মরদেহটি আব্দুল মালেকের বলে শনাক্ত করেন।

নিহতের ছেলে হানিফ জানান, তার বাবা মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং চোখে কম দেখতেন।

তিনি বলেন, “চার দিন ধরে বাবাকে খুঁজছিলাম। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও দেখে এখানে এসে মরদেহটি শনাক্ত করি।”

নারায়ণগঞ্জের বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ কে এম আমিনুল হক বলেন, “এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”