বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক স্থাপন এবং পরে বিয়েতে অস্বীকৃতি জানানোর অভিযোগে মাগুরা সদর থানা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক রিফাতুল ইসলাম রায়হানকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৮ জুন) বিকালে মাগুরা সদর উপজেলার ভায়না এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে শনিবার ভুক্তভোগী নারী মাগুরা সদর থানায় ধর্ষণের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মাগুরা সদর উপজেলার তাঁতীপাড়া এলাকার বাসিন্দা হিন্দু ধর্মাবলম্বী ওই নারীর সঙ্গে প্রায় এক বছর আগে ফেসবুকের মাধ্যমে রায়হানের পরিচয় হয়। সে সময় তিনি স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর সন্তান নিয়ে বসবাস করছিলেন।
অভিযোগে বলা হয়, পরিচয়ের পর রায়হান নিয়মিত তার বাসায় যাতায়াত শুরু করেন। একপর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে বিয়ের কথা তুললে তিনি বিভিন্ন অজুহাতে বিষয়টি এড়িয়ে যেতে থাকেন।
এজাহারে আরও উল্লেখ করা হয়, সর্বশেষ গত ২৫ মে বিয়ের দাবি জানালে রায়হান তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান এবং হুমকি দেন।
এ প্রসঙ্গে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘‘ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।’’








