কয়েক মাস আগে প্রাক্তন স্বামী সব্যসাচীর বিরুদ্ধে বিকৃত যৌনচারের অভিযোগ তুলে হইচই ফেলে দিয়ে চতুর্থ বিয়ের খবর দেন ভারতীয় বাংলা টিভি সিরিয়ালের অভিনেত্রী সুস্মিতা রায়। বিয়ের সাড়ে তিন মাস পর মা হলেন আলোচিত এই অভিনেত্রী। মঙ্গলবার (৭ জুলাই) সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে মা হওয়ার খবর জানান সুস্মিতা।
তবে পুত্র না কি কন্যার মা-বাবা হয়েছেন, তা এখনই প্রকাশ করতে চান না সুস্মিতা-শুভাশিস দম্পতি। শুভাশিস দে ভারতীয় একটি গণমাধ্যমে বলেন, “মা আর বাচ্চা দু’জনেই সুস্থ আছে। সোমবার সকালে সন্তানের জন্ম দিয়েছে সুস্মিতা। আগামী ৯ জুলাই হাসপাতাল থেকে ছাড়া পাবে। সন্তানকে নিয়ে বাড়ি ফেরার পরই সবকিছু জানাব। এখনই আর কিছু বলতে চাই না।”
স্বামী শুভাশিস দের সঙ্গে সুস্মিতা রায়
১ জুলাই সুস্মিতা রায়ের জন্মদিন। গত বছর এই দিনে সুস্মিতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন তার তৃতীয় স্বামী সব্যসাচী চক্রবর্তী। চলতি বছরের ১৭ মার্চ রাতে তার চতুর্থ বিয়ে ও মা হতে যাওয়ার গুঞ্জন চাউর হয়। পরের দিন এ অভিনেত্রী জানান, গত ১৫ মার্চ ব্যবসায়ী শুভাশিসকে বিয়ে করেছেন। তবে অন্তঃসত্তা হওয়ার বিষয়টি স্বীকার করেননি। অবেশেষে সেই গুঞ্জনই বাস্তবে রূপ নিয়েছে।
বিয়ের সাড়ে ৩ মাস পর মা হয়ে অনেকের শুভেচ্ছাবার্তা পাচ্ছেন সুস্মিতা। তবে বিষয়টি নিয়ে দারুণ কটাক্ষের মুখেও পড়েছেন। টোকন দাস লেখেন, “তাহলে বিয়ের আগেই প্রেগন্যান্ট ছিলে! যাইহোক, তোমাকে অভিনন্দন।” প্রসেনজিৎ ঘোষ লেখেন, “বিয়ের আগেই সব রেডি ছিল।” অনেকে সন্তানের বাবার পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন। তাছাড়া এমন কিছু মন্তব্য ভেসে বেড়াচ্ছে, যা প্রকাশের অযোগ্য।
সুস্মিতা রায়
গত মার্চে চতুর্থ বিয়ের খবর প্রকাশ্যে আসার পর প্রাক্তন স্বামী সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে সুস্মিতার বাগযুদ্ধ সোশ্যাল মিডিয়ায় শুরু হয়; সময়ের সঙ্গে তা ‘নোংরা’ পর্যায়ে পৌঁছে যায়। একে অপরের চরিত্র নিয়ে এমন সব অভিযোগ করেন, যা দেখে হতবাক হন নেটিজেনরা। এরপর প্রাক্তন স্বামীর বিকৃত যৌন রুচি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন সুস্মিতা।
সেই সময়ে সুস্মিতা জানান, সব্যসাচী ও তার পরিবারের সদস্যরা তাকে প্রতিনিয়ত মানসিক নির্যাতন করতেন। কেবল তাই নয়, সব্যসাচী তাকে ‘থ্রিসাম’ (একসঙ্গে তিন ব্যক্তির যৌন সম্পর্ক) সম্পর্ক স্থাপনের জন্য চাপ দিতেন। এমনকি, তার স্বামী তার সামনে অন্য নারীর সঙ্গে ঘনিষ্ঠ হতেন।
স্বামী শুভাশিস দের সঙ্গে সুস্মিতা রায়
সুস্মিতা মা হতে চেয়েছিলেন। কিন্তু সব্যসাচী চক্রবর্তীর পরিবার সেই ইচ্ছার টুটি চেপে মেরে ফেলেছে। সব্যসাচী বা তার পরিবারের কেউই সন্তান চায়নি। ২০১৯ সালে অন্তঃসত্ত্বা হওয়ার ব্যাপারটি অ্যাক্সিডেন্টাল ছিল। পরে মৃত সন্তান প্রসব করেন অভিনেত্রী সুস্মিতা। তবে চতুর্থ সংসারে মাতৃত্বের স্বাদ পেয়ে ভীষণ আনন্দিত এই অভিনেত্রী।
এ বিষয়ে সুস্মিতা রায় বলেন, “২০১৯ সালের ১৯ মার্চ যে স্বপ্নটা থেমে গিয়েছিল, আজ যেন তারই নতুন করে শুরু। দীর্ঘ সাত বছরের অপেক্ষা, লড়াই, অগণিত কষ্ট আর না-পাওয়ার যন্ত্রণার পর আজ আমি মাতৃত্বের স্বাদ পেলাম।”
সুস্মিতা রায়
‘কৃষ্ণকলি’ ধারাবাহিক নাটকে শ্যামার বৌদির চরিত্রে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নেন সুস্মিতা। এরপর ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকে তার অভিনয় সকলের নজর কাড়েন এই অভিনেত্রী।








