এক সময় অডিও-সিডির বাজারে নিয়মিত গান প্রকাশ করতেন কণ্ঠশিল্পী কামরুল। সময়ের পরিবর্তনে দীর্ঘদিন নতুন গান থেকে দূরে থাকলেও এবার নতুন উদ্যমে সংগীতাঙ্গনে ফিরছেন তিনি।

খুব শিগগিরই প্রকাশিত হবে কামরুলের নতুন গান ‘ব্যবধান’-এর মিউজিক ভিডিও। গানটির কথা লিখেছেন এন আই বুলবুল, আর সুর ও সংগীতায়োজন করেছেন প্রত্যয় খান।

মিউজিক ভিডিওতে কামরুলের সঙ্গে মডেল হিসেবে দেখা যাবে তানিয়া নুরকে। ভিডিওটি পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন। গানটি প্রকাশ করবে প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতা।

নতুন গান প্রসঙ্গে কামরুল বলেন, ‘অডিও-সিডির সময়ে নিয়মিত আমার অ্যালবাম প্রকাশ হতো। তবে সময়ের ব্যবধানে অনেক দিন নতুন গান করা হয়নি। এখন থেকে আবার নিয়মিত গানের সঙ্গে থাকতে চাই। এন আই বুলবুল ও প্রত্যয় খান এই সময়ের ভালো কাজ করছেন। তাদের সঙ্গে নতুনভাবে পথচলা শুরু করেছি। আশা করি, শ্রোতাদের ভালোবাসা পাব।’

উল্লেখ্য, ২০০৩ সালে প্রকাশিত ‘অপূর্ব সুন্দরী’ অ্যালবামের মাধ্যমে একক শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন কামরুল। এরপর ‘যদি বলি তোমাকে’, ‘তোমাকে ফিরে পেতে চাই’ এবং ‘ভুলতে তো পারিনি’সহ মোট আটটি একক অ্যালবাম প্রকাশ করেন তিনি।

দীর্ঘ বিরতির পর ‘ব্যবধান’ গানের মাধ্যমে আবারও শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন এই শিল্পী।

 

এলআইএ