মাদারীপুর সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ এলাকায় একাধিক মামলার আসামি পারভেজ ব্যাপারীকে গ্রেপ্তারের পর বোমা বিস্ফোরণ ঘটিয়ে পুলিশের থেকে তাকে ছিনিয়ে নেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু নাঈম এ তথ্য জানান।
আবু নাঈম জানান, সোমবার (৬ জুলাই) সন্ধ্যার পর সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। অভিযানের সময় পারভেজকে গ্রেপ্তার করা হয়। সেখান থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় বোমা বিস্ফোরণ ঘটায় পারভেজের সহযোগীরা। সুযোগ বুঝে পারভেজ পালিয়ে যায় বলে জানান তিনি।
প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, পারভেজকে গ্রেপ্তারের পর পুলিশ তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য পুকুরপাড়ে যায়। পারভেজের স্বীকারোক্তি অনুযায়ী সেখানে নেওয়ার পর তার লোকজন একাধিক বোমা বিস্ফোরণ ঘটিয়ে তাকে ছিনিয়ে নেয়।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে এবং পারভেজকে পুনরায় গ্রেপ্তারের চেষ্টা চলছে।








