চলতি বোরো সংগ্রহ মৌসুমে ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে ৫ লাখ মেট্রিক টন ধান, ১২ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ১ লাখ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত ধান-চাল সংগ্রহ কার্যক্রম চলবে।

বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিনের এক প্রশ্নের জবাবে খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। 

মো. আব্দুল বারী বলেন, ‍“বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল স্বাভাবিক রাখতে সরকার অভ্যন্তরীণ সংগ্রহের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিদেশ থেকেও চাল ও গম আমদানি করে। রাশিয়া-ইউক্রেন এবং ইরান-ইসরায়েল যুদ্ধ-পরবর্তী পরিস্থিতিতেও দেশের খাদ্য মজুত স্বাভাবিক রাখতে অভ্যন্তরীণভাবে ধান-চাল সংগ্রহ বৃদ্ধি এবং প্রয়োজন অনুযায়ী আমদানি কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।”

তিনি জানান, চলতি বোরো মৌসুমে ৫ লাখ মেট্রিক টন ধান, ১২ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল ও ১ লাখ মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কাজ চলছে এবং এ কার্যক্রম আগামী ৩১ আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে।

খাদ্য প্রতিমন্ত্রী বলেন, “গত আমন সংগ্রহ মৌসুমে প্রাথমিকভাবে ৫০ হাজার মেট্রিক টন ধান, ৬ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হলেও খাদ্য নিরাপত্তা মজুত বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের লক্ষ্যে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ধান-চাল অভ্যন্তরীণ উৎস থেকে সংগ্রহ করা হয়েছে।”

একই প্রশ্নের জবাবে তিনি বলেন, “মাল্টি-সেক্টোরাল ফুড সিকিউরিটি রিস্ক মডেলিং ফ্রেমওয়ার্ক চালু করতে কৃষি, স্বাস্থ্য, অর্থনীতি ও জলবায়ু-সংক্রান্ত তথ্যের সমন্বিত ব্যবহার প্রয়োজন। ভবিষ্যতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এ বিষয়ে একমত হলে এ ধরনের ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হবে।”