ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে টানা তিন দিন ধরে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে ১০-১২টি দোকানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ জুন) সকালেও দুই পক্ষের মধ্যে নতুন করে সংঘর্ষ হয়েছে।নিহত যুবকের নাম খাদিম মিয়া। তিনি সংঘর্ষ চলাকালে টেঁটাবিদ্ধ হয়ে মারা যান।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সূর্যকান্দি গ্রামের ব্যবসায়ী মোশারফ হোসেন মাছ ধরার সরঞ্জাম (চটা-পাটি) বাবদ ৫ লাখ টাকা পেতেন ধরন্তি গ্রামের আশিক ও আলালের কাছে। গত রোববার বিকেলে মোশারফ ওই টাকা দাবি করলে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। ওই দিনই খাদিম মিয়া টেঁটাবিদ্ধ হয়ে মারা যান।সোমবার জানাজা ও দাফন শেষে ধরন্তি ও সূর্যকান্দি গ্রামের লোকজন আবারও দেশীয় অস্ত্র নিয়ে কালিকচ্ছ বাজারে সংঘর্ষে লিপ্ত হয়। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। মঙ্গলবার সকালেও নতুন করে সংঘর্ষ বাধলে আরও একজন টেঁটাবিদ্ধ হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে ২০টির বেশি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে হয়েছে।সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।