ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা টাকা চাওয়া কেন্দ্র করে দুপক্ষের মধ্যে প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে এক যুবক নিহত হয়েছেন। রোববার উপজেলার বিভিন্ন এলাকার এ সংঘর্ষে নিহত হাদিস মিয়া (৩০) ধর্মতীর্থ চাকসারের সামসু মিয়ার ছেলে। সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশসহ দুপক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সূর্যকান্দি গ্রামের ব্যবসায়ী মোশারফ হোসেন ধরন্তি গ্রামের আশিক ও আলালের কাছে প্রায় পাঁচ লাখ টাকার চটাপাটি বিক্রি করেছিলেন। দীর্ঘ নয় মাস পাওনা টাকা পরিশোধ না করায় রোববার বিকালে সরাইল শহীদ মিনার এলাকায় তাদের মধ্যে এ নিয়ে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ খবর দুপক্ষের এলাকায় ছড়িয়ে পড়লে রাত ৮টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। অন্ধকারে টর্চলাইট জ্বালিয়ে চলে ধাওয়া-পালটাধাওয়া। প্রায় সাড়ে তিন ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে হাদিস মিয়া ঘটনাস্থলেই নিহত হন। এ সময় সংঘর্ষ নিয়ন্ত্রণে গিয়ে পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হন। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।