ব্রাহ্মণবাড়িয়া শহরের পাওয়ার হাউস রোড এলাকা থেকে মোহাম্মদ আনিসুর রহমান (১৩) নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে ওই এলাকার চারতলা ভবনের নিচতলার সিঁড়ির পাশ থেকে লাশ উদ্ধার করা হয়। এটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা তা পুলিশ খতিয়ে দেখছে।
নিহত আনিসুর রহমান নবীনগর উপজেলার লক্ষ্মীপুর সাতঘরহাটি গ্রামের আলকাছ মিয়া ও জাহানারা বেগমের ছেলে। তারা ব্রাহ্মণবাড়িয়া শহরের পাওয়ার হাউস রোডের ওই চারতলা ভবনের চতুর্থ তলায় ভাড়া বাসায় বসবাস করেন। আনিসুর রহমান কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে কয়েক মাস আগে আনিসুর রহমানের এক চাচা খুন হয়। ওই হত্যা মামলায় আনিসুরের বাবা আলকাছ মিয়া আসামি হওয়ায় তারা পরিবার নিয়ে শহরে বসবাস করেন।
শুক্রবার (৭ আগস্ট) রাতে ভবনের নিচতলার সিঁড়ির পাশে আনিসুরের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ ঘটনার পেছনে আনিসুরের চাচাত ভাইদের হাত রয়েছে কিনা তা পুলিশ তদন্ত করে দেখছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম এম রকীব উর রাজা জানান, লাশের প্রাথমিক অবস্থা দেখে দুর্ঘটনা বলে মনে হচ্ছে। তবে এটি নিছক দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনা তদন্তে পুলিশ কাজ করছে।








