ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর তীর ভরাট করে গড়ে ওঠা ৫টিরও বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা শহরের শিমরাইলকান্দি এলাকার সিমনা-বি.বাড়িয়া সড়কের পাশে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাসরিন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

তবে অভিযানের সময় ভরাটকারী কাউকে ঘটনাস্থলে না পাওয়ায় জরিমানা বা কারাদণ্ড দেওয়া যায়নি।

অভিযান সূত্রে জানা গেছে, সিমনা-ব্রাহ্মণবাড়িয়ায় সড়কের পাশে তিতাস নদীর তীর, কৃষিজমি ও জলাশয় ভরাট করে অবৈধভাবে দোকানঘর ও স্থাপনা নির্মাণ করেছে স্থানীয় একটু চক্র। এ পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫টিরও বেশি অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন জানান, তিতাস নদীর তীরবর্তী কৃষিজমিগুলো অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধারের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে৷ কৃষিজমি ও নদী-জলাশয় রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আবুল হাসনাত মো. রাফি/এনএইচআর