পাবনার সাঁথিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় এক নেতার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার ভূলবাড়িয়া ইউনিয়নের রতনপুর গ্রামের একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আব্দুস শুকুর (৪০) ওই গ্রামের মৃত রোকন প্রামাণিকের ছেলে ও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হন শুকুর। গভীর রাত হয়ে গেলেও না ফেরায় পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেন। শনিবার বিকেলে তার গলাকাটা মরদেহ পড়ে থাকার খবর পান।

আতাইকুলা থানার ওসি মজিবর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। তবে, কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে তা জানা সম্ভব হয়নি।