গ্রুপ পর্ব শেষ, শুরু হয়েছে ভুলের কোনো সুযোগ না থাকা নকআউট লড়াই। এখন প্রতিটি ম্যাচই বাঁচা-মরার। এই উত্তেজনার মধ্যেই বিশ্বকাপের সম্ভাব্য চিত্র আঁকতে মাঠে নেমেছে কৃত্রিম বুদ্ধিমত্তা। হাজারো পরিসংখ্যান, পারফরম্যান্স এবং সম্ভাবনার হিসাব কষে বিশ্বখ্যাত অপটা সুপারকম্পিউটার জানিয়ে দিয়েছে, কোন দল কোয়ার্টার ফাইনালের পথে এগিয়ে, আর কার সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা।

অপটার বিশ্লেষণে সবচেয়ে বড় আস্থা রাখা হয়েছে দুই লাতিন পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনার ওপর। গ্রুপ পর্বের পারফরম্যান্স, দলীয় ফর্ম, আক্রমণ ও রক্ষণভাগের কার্যকারিতা মিলিয়ে প্রায় ১০ হাজার ভার্চুয়াল ম্যাচ সিমুলেশন চালিয়ে এই সম্ভাবনার হিসাব প্রকাশ করেছে তারা।

অপটার তথ্য অনুযায়ী, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে নরওয়ের মুখোমুখি হওয়ার আগে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা ৬৬.৪১ শতাংশ। বিপরীতে আরলিং হালান্ডের নেতৃত্বে বিশ্বকাপে চমক দেখানো নরওয়ের সম্ভাবনা ৩৩.৫৯ শতাংশ। আর্জেন্টিনার পক্ষে পূর্বাভাস আরও শক্তিশালী। মিসরের বিপক্ষে রাউন্ড অব ১৬-এর ম্যাচে লিওনেল মেসিদের জয়ের সম্ভাবনা দেখানো হয়েছে ৭৯.১৬ শতাংশ। বিপরীতে মোহাম্মদ সালাহদের সম্ভাবনা মাত্র ২০.৮৪ শতাংশ।

অপটার সাম্প্রতিক পূর্বাভাসের নির্ভুলতাও বেশ আলোচনায়। গ্রুপ পর্ব শেষে শেষ ষোলোতে ওঠা ১৬ দলের মধ্যে ১৪টির ভাগ্য সঠিকভাবে অনুমান করতে সক্ষম হয়েছিল এই সুপারকম্পিউটার। নকআউট পর্বেও তাদের সবচেয়ে একপেশে পূর্বাভাস ছিল ফ্রান্স ও প্যারাগুয়ের ম্যাচে। সেখানে ফ্রান্সের জয়ের সম্ভাবনা দেখানো হয়েছিল ৮৬.৬৮ শতাংশ, আর প্যারাগুয়ের ১৩.৩২ শতাংশ। শেষ পর্যন্ত মাঠের ফলও সেই পূর্বাভাসের সঙ্গে মিললেও ফ্রান্সকে বেশ ঘাম ঝড়াতে হয়েছে।

অপটার পূর্বাভাসে বাকি ম্যাচগুলোর মধ্যেও বেশ কয়েকটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে। সুপারকম্পিউটারের হিসাবে, স্পেনের বিপক্ষে রাউন্ড অব ১৬-এর ম্যাচে পর্তুগালের কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা ৩৭.৭৮ শতাংশ, ৬২.২২ শতাংশ জয়ী হওয়ার সম্ভাবনা নিয়ে স্পেন এগিয়ে। সবচেয়ে জমজমাট লড়াই হতে পারে যুক্তরাষ্ট্র ও বেলজিয়ামের মধ্যে। এই ম্যাচে যুক্তরাষ্ট্রকে সামান্য এগিয়ে রেখেছে অপটা (৫০.৯৫ শতাংশ), আর বেলজিয়ামের সম্ভাবনা ৪৯.০৫ শতাংশ।

স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে ইংল্যান্ডকেও খুব বেশি এগিয়ে রাখেনি সুপারকম্পিউটার। হ্যারি কেইনদের কোয়ার্টার ফাইনালে যাওয়ার সম্ভাবনা ৫৪.২৭ শতাংশ, বিপরীতে মেক্সিকোর সম্ভাবনা ৪৫.৭৩ শতাংশ। একইভাবে সুইজারল্যান্ডের বিপক্ষে কলম্বিয়াকে এগিয়ে রাখা হয়েছে ৫৬.৯৫ শতাংশ সম্ভাবনা নিয়ে, যেখানে সুইসদের সম্ভাবনা ৪৩.০৫ শতাংশ।

তবে সংখ্যার এই খেলায় সবাই একমত নন। ব্রাজিলের ‘বিশ্বকাপের জ্যোতিষী’ নামে পরিচিত পরিসংখ্যানবিদ মাইকেল ব্রুনো, অপটার পূর্বাভাসের সঙ্গে ভিন্ন মত দিয়েছেন। তার বিশ্লেষণে, এবার শিরোপা জয়ের সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের।

অন্যদিকে, গেটুলিও ভার্গাস ফাউন্ডেশনের স্কুল অব অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের পৃথক বিশ্লেষণে সম্ভাব্য বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে সবচেয়ে এগিয়ে রাখা হয়েছে স্পেনকে। তাদের হিসাব বলছে, স্পেনের শিরোপা জয়ের সম্ভাবনা ১৫.৫৭ শতাংশ, আর ব্রাজিলের ৪.৬৮ শতাংশ।

পরিসংখ্যান, অ্যালগরিদম আর কৃত্রিম বুদ্ধিমত্তা সম্ভাবনার ছবি আঁকতে পারে, কিন্তু ফুটবল বহুবার প্রমাণ করেছে মাঠের ৯০ মিনিটে সব হিসাব বদলে যেতে পারে। এখন দেখার অপেক্ষা, সুপারকম্পিউটারের ১০ হাজার সিমুলেশনের ভবিষ্যদ্বাণী সত্যি করে ব্রাজিল ও আর্জেন্টিনা শেষ আটে জায়গা করে নিতে পারে কি না!